বৃদ্ধাশ্রমে বিনোদ কাম্বলি

ভিডিয়ো বার্তায় বললেন ‘অনেক ভালবাসা পাচ্ছি’।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : বৃদ্ধাশ্রমে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। ঠাণের ‘নিদান সেন্টার ফর এলডারলি কেয়ার’ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি। সেখানে বৃদ্ধাশ্রমের পরিষেবা, পরিচ্ছন্নতা এবং সুযোগ-সুবিধার প্রশংসা করার পাশাপাশি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ৫৪ বছরের প্রাক্তন বাঁহাতি ব্যাটার। কাম্বলির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ভিডিয়োয় কাম্বলিকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি বিনোদ কাম্বলি। আমি অনেক ভালবাসা পাচ্ছি। এখানে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য আমার এক বারও মনে হচ্ছে না যে, আমি বাড়িতে নেই। এখানকার স্বাস্থ্যবিধি এবং সার্বিক পরিচ্ছন্নতা একেবারে প্রথম শ্রেণির। আমি নিদানে সত্যিই খুব ভাল সুযোগ-সুবিধা পাচ্ছি। আমি কোথায়? নিদানেই রয়েছি।’’

ঠিক কী কারণে কাম্বলিকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়। দীর্ঘ দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। ঠিক মতো হাঁটাচলা করতেও সমস্যা হয়। অতীতে একাধিক বার চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। তাঁর আর্থিক পরিস্থিতিও ভাল নয় বলে জানা যায়।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাম্বলির শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই তাঁকে প্রবীণদের জন্য তৈরি এই বিশেষ পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাঁর নিয়মিত দেখভাল এবং সুস্থতার দিকে নজর রাখা হচ্ছে।

গত মে মাসে শেষ বার প্রকাশ্যে দেখা গিয়েছিল কাম্বলিকে। অসুস্থ শরীর নিয়েই মেয়েকে সঙ্গে নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের আইপিএল ম্যাচ দেখতে দেখা গিয়েছিল তাঁকে।

এক সময় ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান বাঁহাতি ব্যাটার হিসাবে পরিচিত ছিলেন কাম্বলি। সচিন তেন্ডুলকরের বাল্যবন্ধু কাম্বলি আন্তর্জাতিক ক্রিকেটেও নজর কেড়েছিলেন। টেস্ট ক্রিকেটে দুর্দান্ত শুরু করেছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে তাঁর ব্যক্তিগত জীবন এবং নানা সমস্যার প্রভাব পড়ে ক্রিকেটজীবনে। দ্রুতই জাতীয় দলের মূলস্রোত থেকে হারিয়ে যান তিনি।

এখন ক্রিকেটের সেই পরিচিত মুখকে বৃদ্ধাশ্রমে দেখে স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ ক্রিকেটমহল। তবে নিজের ভিডিয়োয় কাম্বলি যে ভাবে আশ্রয়কেন্দ্রের পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, তাতে আপাতত সেখানেই ভাল থাকার বার্তা দিয়েছেন তিনি।