লক্ষ্যভেদে নিখুঁত নিশানা। স্নায়ুর চাপ সামলে শেষ পর্যন্ত সোনা ছিনিয়ে নিলেন ভারতের নীরু ধান্ডা। ২০২৬ এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়লেন হরিয়ানার এই শুটার। এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপে এই প্রথম কোনও ভারতীয় শুটার সোনা জিতলেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
২৬ বছরের নীরু ২৮ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শেষ করেন। সেই সঙ্গে ভেঙে দেন এশিয়ান গেমসের রেকর্ডও। চিনের ইউনং সুন ২৬ পয়েন্ট নিয়ে রুপো এবং কুয়েতের হাজর আবদুলমালিক ২১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন।
চলতি এশিয়ান গেমসে নীরুই ভারতের প্রথম ব্যক্তিগত সোনা জয়ী। তাঁর সোনার হাত ধরেই প্রতিযোগিতায় ভারতের সোনার পদকের সংখ্যা বেড়ে হল পাঁচ।
এশিয়ান গেমসে এটাই নীরুর অভিষেক। যোগ্যতা পর্বেও দাপট দেখিয়েছিলেন তিনি। কাতারের রে বাসিলের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে থেকে ফাইনালে উঠেছিলেন নীরু। ১১৮ পয়েন্ট নিয়ে যোগ্যতা পর্ব শেষ করেন তিনি, যা ছিল এশিয়ান গেমসের নতুন যোগ্যতা-পর্বের রেকর্ড।
ফাইনালের শুরুটাও হয় স্বপ্নের মতো। প্রথম সিরিজে পাঁচটির পাঁচটি লক্ষ্যেই আঘাত করেন নীরু। দ্বিতীয় সিরিজে একটি লক্ষ্যভ্রষ্ট হলেও সেখান থেকে দ্রুত ঘুরে দাঁড়ান। প্রতিযোগিতার শেষ পর্বে ফের নিখুঁত নিশানা করে প্রতিপক্ষদের থেকে ব্যবধান বাড়িয়ে নেন তিনি। শেষ পর্যন্ত ২৮ পয়েন্ট নিয়ে সোনার পদক নিশ্চিত করেন।
এর আগে মহিলাদের ট্র্যাপ দলগত ইভেন্টে রুপো জিতেছিলেন নীরু। আশিমা আহলাওয়াত এবং মানিশা কীরের সঙ্গে জুটি বেঁধে সেই পদক এসেছিল।
চলতি বছরটাও নীরুর জন্য বিশেষ। ইতালির লোনাতোয় ২০২৬ সালের ISSF শটগান বিশ্বকাপে মহিলাদের ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। তার আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সাফল্য এসেছে তাঁর ঝুলিতে।
ভারতীয় সেনার মার্কসম্যানশিপ ইউনিটের সদস্য নীরু বর্তমানে নায়েব সুবেদার। বিশ্বকাপ এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের পর এ বার এশিয়ান গেমসের সোনা—এক বছরের মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে নিজের নাম আরও উজ্জ্বল করলেন হরিয়ানার এই শুটার।