শুরুতে এগিয়ে ছিলেন ৬-১। মুহূর্তের মধ্যে ছবিটা বদলে গিয়ে পিছিয়ে পড়লেন ৬-৭। কিন্তু হার মানলেন না আমন সেহরাওয়াত। শেষ মুহূর্তে দুরন্ত প্রত্যাবর্তন করে উত্তর কোরিয়ার চং সং হানকে হারিয়ে ২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে সোনা জিতে নিলেন ভারতীয় কুস্তিগির।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
শনিবার ফাইনালে শুরুটা বেশ সতর্ক ভাবেই করেছিলেন আমন। তাঁর বাঁ পায়ে বার বার আক্রমণ করার চেষ্টা করছিলেন উত্তর কোরিয়ার প্রতিপক্ষ। কিন্তু আমনের জমাট রক্ষণ ভেঙে পয়েন্ট তুলতে পারেননি হান। কিছুক্ষণ পর আমনকে প্যাসিভিটির জন্য সতর্ক করা হলে একটি পয়েন্ট পান হান। তবে সঙ্গে সঙ্গেই টেকডাউন করে ম্যাচে নিজের খাতা খোলেন আমন।
প্রথম পর্ব শেষ হওয়ার আগেই আরও একটি দুর্দান্ত টেকডাউনে পয়েন্ট তুলে নেন তিনি। বিরতিতে ৪-১ ব্যবধানে এগিয়ে ছিলেন ভারতীয় তারকা।
দ্বিতীয় পর্বের শুরুতেও আমনের দাপট বজায় থাকে। আরও একটি টেকডাউন করে ব্যবধান বাড়িয়ে করেন ৬-১। কিন্তু এরপরই ম্যাচে নাটকীয় মোড়। হাঁটুর চোটে কিছুটা সমস্যায় থাকা হান আচমকা টেকডাউন এবং রোল করে মাত্র কয়েক মুহূর্তে ছ’পয়েন্ট তুলে নেন। ৬-১ থেকে আমন পিছিয়ে পড়েন ৬-৭।
চাপের মুখে তখন আমনের সামনে একটাই রাস্তা—ঘুরে দাঁড়ানো। সেটাই করলেন তিনি। দুর্দান্ত একটি চাল দিয়ে টেকডাউন থেকে দু’পয়েন্ট এবং রোল থেকে আরও দু’পয়েন্ট তুলে নিয়ে ফের এগিয়ে গেলেন ১০-৭। পরে হানের চ্যালেঞ্জ ব্যর্থ হওয়ায় আরও একটি পয়েন্ট পান আমন। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে সোনা নিশ্চিত করেন তিনি।
চলতি এশিয়ান গেমসে কুস্তিতে ভারতের এটি দ্বিতীয় সোনা। এর আগে শুক্রবার সোনা জিতেছিলেন সুজিত কালকাল। আমনের এই সাফল্যে ভারতের সোনার তালিকায় যোগ হল আরও একটি নাম।
এশিয়ান গেমসে এ দিনও ভারতের পদকের ঝুলি ভরেছে। আমনের পাশাপাশি কুমকুম মোহত, প্রণভী উর্স এবং পুরুষদের ক্রিকেট দল সোনা জিতেছে। মহিলাদের দলগত গল্ফে রুপো এসেছে প্রণভী, অদিতি অশোক ও দীক্ষা ডাগরের হাত ধরে। তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভে ব্রোঞ্জ জিতেছেন নীরজ চৌহান।