এশিয়ান গেমসে ক্রিকেটে ফের সোনার ইতিহাস ভারতের। মহিলাদের পর এ বার পুরুষ দলও সোনা জিতে নিল। শনিবার নিসশিনে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে এশিয়াডে পুরুষ ক্রিকেটের সোনা ধরে রাখল ভারত। এর ফলে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় বার পুরুষ ক্রিকেটে সোনা এল ভারতের ঘরে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দলের এই সাফল্যে উচ্ছ্বসিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ। দলের হাতে সোনার পদকও তুলে দেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবং ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পি টি ঊষা-সহ একাধিক কর্তা।
জয় শাহ বলেন, ‘‘নাগোয়া এবং জাপান ক্রিকেটের ইতিহাসে গর্বের একটি নতুন অধ্যায় লিখল। এই মুহূর্তের যোগ্য অভিযান উপহার দেওয়ার জন্য ভারতীয় দলকে অভিনন্দন।’’ একই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া সমস্ত দেশ, এশিয়ান অলিম্পিক কাউন্সিল, আয়োজক এবং মাঠে উপস্থিত সমর্থকদেরও ধন্যবাদ জানান তিনি।
এ দিন টস জিতে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন অভিষেক শর্মা। মাত্র ২৮ বলে ৬১ রান করে ভারতের বড় রানের ভিত গড়ে দেন তিনি। পরে তিলক বর্মা ২২ বলে অপরাজিত ৫১ রান করেন। শিবম দুবের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৭ রান।
২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে পড়ে পাকিস্তান। তবে হাসান নওয়াজ একাই ভারতীয় বোলারদের বিরুদ্ধে পাল্টা লড়াই চালান। মাত্র ৫১ বলে ৯৬ রান করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় বোলিংয়ের সামনে পাকিস্তানের ইনিংস থেমে যায়।
ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল এবং শিবম দুবে দু’টি করে উইকেট নেন। ফলে ১৯ রানে জয় নিশ্চিত করে ভারত।
চলতি বছর টি-টোয়েন্টিতে ভারতের সোনালি দৌড় যেন থামছেই না। এশিয়াডের পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জয়ের পাশাপাশি এ বছর টানা দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ভারতীয় দল। নাগোয়ার সাফল্যে সেই তালিকায় যোগ হল আরও একটি সোনালি অধ্যায়।