কৃষ্ণনগরে বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে দুর্গাপুরের সাফল্য!

নদিয়ার কৃষ্ণনগরে আয়োজিত রাজ্যস্তরের ক্লাসিক বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে সাফল্য পেল পশ্চিম বর্ধমান জেলা।

প্রশান্ত মাল, নিজস্ব সংবাদদাতা

গত ২ থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত সাব-জুনিয়র, জুনিয়র, সিনিয়র ও মাস্টার্স বিভাগের পুরুষ ও মহিলা প্রতিযোগিতায় জেলার একাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে কয়েকজন বিভিন্ন বিভাগে পদক অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছেন। এই সাফল্য নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাহুল ফাউন্ডেশনের অধীনে গৌরী দেবী এমবিবিএস কলেজের পাওয়ারলিফটিং কোচ বিক্রম হারি এবং তাঁর ছাত্রী, রাহুল ফাউন্ডেশনের বিটেক চতুর্থ বর্ষের পড়ুয়া অনিশা বিশ্বাস। বিক্রম হারি জানান, পাওয়ারলিফটিংকে এগিয়ে নিয়ে যেতে রাহুল ফাউন্ডেশন তাঁদের যথেষ্ট সহযোগিতা করছে।

প্রতিযোগীদের প্রশিক্ষণ এবং সাফল্যের লক্ষ্যে তাঁরা নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সম্প্রতি কৃষ্ণনগরে অনুষ্ঠিত রাজ্যস্তরের বেঞ্চ প্রেস প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলা থেকে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে তাঁর দুই ছাত্র বিশেষভাবে নজর কেড়েছেন। একজন সোনা জয় করেছেন, অন্যজন কিছু কারণে পদক জিততে পারেননি। তবে আগামী দিনে তাঁর সমস্ত ছাত্রছাত্রী আরও ভালো ফল করবেন বলে তিনি আশাবাদী অন্যদিকে, রাহুল ফাউন্ডেশনের বিটেক চতুর্থ বর্ষের পড়ুয়া অনিশা বিশ্বাস জানান, তিনি গত এক বছর ধরে কোচ বিক্রম হারির কাছে পাওয়ারলিফটিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। ইতিমধ্যেই দু’বার জেলা চ্যাম্পিয়ন এবং একবার রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। ভবিষ্যতে পাওয়ারলিফটিংয়ে আরও ভালো ফল করে বড় মঞ্চে সাফল্য অর্জন করাই তাঁর লক্ষ্য। কোচের প্রশিক্ষণ ও সহযোগিতায় নিজের খেলাকে আরও উন্নত করতে চান অনিশা।