দেশজ খেলাধুলার হাত ধরে সাংস্কৃতিক আদানপ্রদান। ব্রিকসের সদস্য এবং সহযোগী দেশগুলির ঐতিহ্যবাহী ক্রীড়ার প্রদর্শনী হতে চলেছে গুজরাতের আহমেদাবাদে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
আগামী সোমবার, ১২ অক্টোবর, ব্রিকস ট্র্যাডিশনাল অ্যান্ড ইন্ডিজেনাস স্পোর্টস ডেমনস্ট্রেশন গেমস ২০২৬-এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। ভারতের ব্রিকস সভাপতিত্বের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করছে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক এবং গুজরাত সরকার।
আমদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা গুজরাতের উপমুখ্যমন্ত্রী হর্ষ সঙ্ঘভি এবং কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সের। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী ও দেশজ খেলাধুলাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। পাশাপাশি, খেলাধুলার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও মজবুত করাও এই উদ্যোগের উদ্দেশ্য।
এই আসরে ভারত তুলে ধরবে মল্লখম্ব, যোগাসন এবং কলারিপায়ট্টুর মতো ঐতিহ্যবাহী ক্রীড়া ও শারীরিক অনুশীলনের ধারা। ভারতের প্রাচীন শরীরচর্চা এবং মার্শাল আর্টের ঐতিহ্য আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরার সুযোগ মিলবে এই মঞ্চে। অন্য দেশগুলিও নিজেদের নিজস্ব ক্রীড়া ও সাংস্কৃতিক পরম্পরা প্রদর্শন করবে।
বেলারুশ, বলিভিয়া, ব্রাজিল, চিন, ইথিয়োপিয়া, ইরান, কাজ়াখস্তান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি-সহ একাধিক দেশের প্রতিনিধিদল এই অনুষ্ঠানে যোগ দেবে। আয়োজক দেশ হিসাবে থাকবে ভারত।
তবে এই আয়োজন কোনও প্রতিযোগিতামূলক ক্রীড়া আসর নয়। সরকারি বিবৃতি অনুযায়ী, এখানে পদক জেতার লড়াইয়ের পরিবর্তে গুরুত্ব দেওয়া হবে বিভিন্ন খেলার প্রদর্শন, নথিবদ্ধকরণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে। খেলাগুলির ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরা, সংশ্লিষ্ট ক্রীড়াবিদ ও অনুশীলনকারীদের মধ্যে মতবিনিময় এবং ঐতিহ্যবাহী ক্রীড়ার জ্ঞান ভাগ করে নেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
ব্রিকসের এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশজ খেলাধুলার পরিচিতি বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতার নতুন দিগন্ত খুলবে বলে আশা আয়োজকদের।