রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে বিরোধীরা : রেখা গুপ্তা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিরোধীদের প্রতিবাদকে কেন্দ্র করে ফের রাজনৈতিক তরজা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বিরোধী শিবিরকে আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার অভিযোগ, জনস্বার্থের চেয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিরোধীরা। একই সঙ্গে এসআইআর প্রক্রিয়ার পক্ষে সওয়াল করে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দাবি, নির্বাচন কমিশনের এই উদ্যোগ নতুন কিছু নয়। নির্দিষ্ট নিয়ম মেনেই এই প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রেখা বলেন, রাহুল গান্ধীকে ঘিরে প্রতিবাদ কর্মসূচিতে এক মহিলা সাংবাদিক হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে বলেও দাবি। এই প্রসঙ্গেই বিরোধীদের বিরুদ্ধে সরব হন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বিরোধীরা দলীয় কর্মী, সাধারণ মানুষ, সাংবাদিক, এমনকি পুলিশকর্মীদের কথাও ভাবছে না। গোটা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতেও তারা পিছপা হচ্ছে না বলে অভিযোগ রেখার।

এসআইআর নিয়ে বিরোধীদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রেখার দাবি, যে রাজ্যে নির্বাচনের ফল বিরোধীদের পক্ষে গিয়েছে, সেখানে এই প্রক্রিয়া নিয়ে আপত্তি ওঠেনি। কিন্তু ফল মনমতো না হলেই অভিযোগ শুরু হয়েছে। তাঁর প্রশ্ন, বিভিন্ন রাজ্যে কি এসআইআর-এর পদ্ধতি বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা আলাদা ছিলেন?

একই সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের গলাতেও। তাঁর বক্তব্য, এসআইআর নির্বাচন কমিশনের নিয়মিত প্রক্রিয়া। আগের আদালতের নির্দেশ এবং নির্ধারিত বিধি মেনেই তা পরিচালিত হচ্ছে। কেরলে কংগ্রেস সরকার গঠনের পরেও এসআইআর নিয়ে আপত্তি না তোলা এবং তামিলনাড়ুতে জোটসঙ্গী বদল নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। বিরোধীদের প্রতিবাদকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বলেও দাবি করেন যাদব।