মেরুদণ্ডে চিড়, অস্ত্রোপচারের পর চলছে সুস্থ হয়ে ওঠার লড়াই। কিন্তু তার মধ্যেও মুখের হাসি মুছে যায়নি বলিউড অভিনেত্রী নুসরত ভারুচার। হাসপাতালের বিছানায় শুয়ে শাহরুখ খান এবং কাজলের জনপ্রিয় গান ‘গেরুয়া’ দেখছেন তিনি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করে তিনি জানালেন, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার আশায় দিন গুনছেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় বসে রয়েছেন নুসরত। নার্স ও স্বাস্থ্যকর্মীরা তাঁকে খাবার খেতে সাহায্য করছেন। সেই সময় টেলিভিশনে চলছে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’ ছবির গান ‘গেরুয়া’। চোট এবং চিকিৎসার ধকলের মধ্যেও নার্সদের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
ভিডিয়োর সঙ্গে নুসরত লিখেছেন, “আর ঠিক এ ভাবেই শাহরুখ খান এবং কাজল আমার মুখে হাসি ফোটালেন। মনে করিয়ে দিলেন, পরিস্থিতি আরও ভাল হবে। একটু একটু করে, সব সময়ই হয়। ধীরে ধীরে সুস্থ হচ্ছি, স্বপ্ন দেখছি অফুরন্ত।” তাঁর এই পোস্ট থেকেই স্পষ্ট, কঠিন সময়েও ইতিবাচক থাকার চেষ্টা করছেন অভিনেত্রী।
উল্লেখ্য, বালিতে বেড়াতে গিয়ে মেরুদণ্ডে চিড় ধরেছিল নুসরতের। চোটের কারণে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাঁকে। ঘটনার পরে অভিনেত্রীর টিম জানিয়েছিল, তাঁর শারীরিক সুস্থতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নত চিকিৎসার জন্য বালি থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মুম্বইয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। মুম্বইয়ে ফেরার পরে অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসার পরিকল্পনা ছিল।

অভিনেত্রীর টিম আরও জানিয়েছিল, চোট এবং অস্ত্রোপচারের কারণে তাঁকে বেশ কিছু দিন বিশ্রামে থাকতে হবে। ফলে আগামী কয়েক সপ্তাহের কাজের সূচিতেও প্রভাব পড়তে পারে। এই সময়ে নুসরতের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার জন্য অনুরোধও জানানো হয়েছিল।
নুসরতকে শেষ দেখা গিয়েছে জি অশোক পরিচালিত ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ ছবিতে। ছবিটি প্রযোজনা করেছিলেন লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ, লাভ ফিল্মসের ব্যানারে। আপাতত কাজের ব্যস্ততা সরিয়ে রেখে সুস্থ হয়ে ওঠাই অভিনেত্রীর প্রধান লক্ষ্য।