যুদ্ধের আবহে শান্তির ডাক, থিমে চমক রামচন্দ্রপুর মিলন সংঘের

মিসাইলের শব্দ থামবে, শোনা যাবে মন্ত্র ধ্বংসের পৃথিবীতে এবার শান্তির আহ্বান। ৮০তম বর্ষে রামচন্দ্রপুর মিলন সংঘের দুর্গাপুজোর থিম ‘মিসাইল থেকে মন্ত্র’। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধের ভয়াবহতা এবং তার প্রভাব মণ্ডপসজ্জায় তুলে ধরেই শান্তির বার্তা দিতে চাইছেন উদ্যোক্তারা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা

ইজরায়েল-প্যালেস্তাইন থেকে রাশিয়া-ইউক্রেন—যুদ্ধ কীভাবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে, কীভাবে ক্ষয়ক্ষতি ও আর্থিক সংকটের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, মণ্ডপে তারই প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা চলছে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আলোর ব্যবহারেও। প্রায় আড়াই থেকে তিন মাস আগে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। পুজো যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ব্যস্ততা।

নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে কার্যত নাওয়া-খাওয়া ভুলে কাজ করছেন শিল্পী ও কর্মীরা। প্রসেনজিৎ জানান, থার্মোকল, ফোম, প্লাইবোর্ড, বাঁশ ও কাপড়-সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে তৈরি হচ্ছে মণ্ডপ। পুজোর অন্যতম উদ্যোক্তা সুজয় চ্যাটার্জি জানান, শুধু যুদ্ধের ধ্বংসের ছবি তুলে ধরাই তাঁদের উদ্দেশ্য নয়। তাঁদের মূল বার্তা—বিশ্বজুড়ে শান্তি ফিরে আসুক। যুদ্ধের কারণে প্রাণহানি, সম্পদের ক্ষয়ক্ষতি থেকে অর্থনীতির উপর যে প্রভাব পড়ছে, সেই ছবিও তুলে ধরা হচ্ছে এবারের থিমে। মিসাইল যেখানে ধ্বংসের প্রতীক, সেখানে মন্ত্রে রয়েছে প্রার্থনা ও শান্তির আহ্বান। উদ্যোক্তাদের বিশ্বাস, মা দুর্গা দুর্গতিনাশিনী। তাঁর আগমনে দূর হোক হিংসা ও ধ্বংস, পৃথিবীজুড়ে ফিরে আসুক শান্তি। আর সেই বার্তাই এবার রামচন্দ্রপুর মিলন সংঘের ‘মিসাইল থেকে মন্ত্র’ থিমে।