ফিট তাও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নেই বুমরাহ!

চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন যশপ্রীত বুমরাহ। তবু নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা কম। তা হলে কি এখনও পুরোপুরি ফিট নন ভারতের তারকা পেসার? তেমনটা নয়। বরং দীর্ঘ টেস্ট সিরিজের কথা মাথায় রেখে বুমরাহকে নিয়ে সতর্ক পদক্ষেপ করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাদা বলের ক্রিকেটে না নামিয়ে লাল বলের ক্রিকেটে তাঁকে প্রস্তুত করার পরিকল্পনা করা হচ্ছে বলে খবর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বুমরাহকে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলিয়ে ম্যাচের ধকল নেওয়ার অভ্যাস করাতে চান নির্বাচকদের একাংশ। সে ক্ষেত্রে গুজরাটের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ অথবা ভারতীয় ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সম্ভাবনা রয়েছে তাঁর। বোর্ডের পরিকল্পনা, ধীরে ধীরে বুমরাহর ওয়ার্কলোড বাড়িয়ে তাঁকে টেস্টের জন্য তৈরি করা।

খবর অনুযায়ী, আহমেদাবাদে ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছেন বুমরাহ। এর পর বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে যাওয়ার কথা তাঁর। চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হতে পারেন ভারতীয় পেসার। ভারতীয় ‘এ’ দলের সফরে তিনটি ম্যাচের সব ক’টিতে তাঁকে খেলানোর পরিকল্পনা নেই। বরং তৃতীয় ম্যাচে খেলিয়ে তার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ানোর ভাবনা রয়েছে।

বিসিসিআইয়ের এক কর্তার বক্তব্য, বুমরাহ সম্পূর্ণ ফিট। কিন্তু দীর্ঘ সফরের ধকলের কথা মাথায় রেখেই তাঁকে সাবধানে ব্যবহার করতে চায় টিম ম্যানেজমেন্ট। তিনি লাল বলেই অনুশীলন করছেন। তাই হঠাৎ করে সাদা বলের ক্রিকেটে নামানোর বদলে টেস্টের প্রস্তুতিতে জোর দেওয়া হচ্ছে।

হাঁটুর চোটের কারণে এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেননি বুমরাহ। এ বার টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভারতের কাছে গুরুত্বপূর্ণ। সেই কারণেই দলের অন্যতম প্রধান অস্ত্রকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।