চর্চায় ফের সলমন-করিশ্মার কেমিস্ট্রি !

‘কফি উইথ করণ’-এর নবম তথা শেষ সিজ়নের প্রথম পর্বেই চমক দিলেন সলমন খান। জনপ্রিয় টক শোয়ের উদ্বোধনী পর্বে হাজির ছিলেন বলিউডের ভাইজান। তবে এ বার সঞ্চালক করণ জোহরের বদলে র‍্যাপিড ফায়ার রাউন্ডের দায়িত্ব সামলালেন অভিনেত্রী করিশ্মা কাপুর। আর তার পরেই সমাজমাধ্যমে শুরু হয়েছে সলমন-করিশ্মার সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা। দুই তারকার দীর্ঘদিনের বন্ধুত্বের পাশাপাশি তাঁদের রসায়নও নজর কেড়েছে দর্শকের।

সলমন এবং করিশ্মার পরিচয় প্রায় ৩৬ বছরের। একসঙ্গে ১১টি ছবিতে কাজ করেছেন তাঁরা। ‘জিত’, ‘জুড়ওয়া’, ‘বিবি নম্বর ওয়ান’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘চল মেরে ভাই’ এবং ‘দুলহন হম লে জায়েঙ্গে’-র মতো ছবিতে তাঁদের জুটি দর্শকের প্রশংসা পেয়েছে। পর্দার সেই পরিচিত রসায়নই যেন ফিরে এল টক শোয়ের মঞ্চে। দুই তারকার সহজ বন্ধুত্ব দেখে উচ্ছ্বসিত অনুরাগীদের একাংশ।

সমাজমাধ্যমে কেউ কেউ সলমন ও করিশ্মাকে জুটি হিসাবে কল্পনা করতেও শুরু করেছেন। সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে সন্তান নেওয়ার ইচ্ছা নিয়ে সলমনের মন্তব্য। এক নেটাগরিক লিখেছেন, “সলমন সন্তান চান, করিশ্মার সন্তান রয়েছে। দু’জনেই অবিবাহিত, একে অপরকে পছন্দ করেন। ভেবে দেখো, এই তো সুযোগ!” যদিও তাঁদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের এই কল্পনার কোনও ভিত্তি বা দুই তারকার তরফে এমন কোনও ইঙ্গিত মেলেনি।

সলমনের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা অবশ্য নতুন নয়। সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্যা রাই বচ্চন, ক্যাটরিনা কইফ এবং ইউলিয়া ভান্তুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এক সময়ে বিস্তর আলোচনা হয়েছে। সঙ্গীতার সঙ্গে বিয়ের কথাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। পরে অবশ্য সেই বিয়ে ভেস্তে যায় বলে জানিয়েছিলেন অভিনেতা।

অন্য দিকে, ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে ২০০৩ সালে বিয়ে হয়েছিল করিশ্মার। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন তাঁরা, ২০১৬ সালে বিচ্ছেদ চূড়ান্ত হয়। তাঁদের দুই সন্তান, সামাইরা ও কিয়ান। আপাতত সলমন-করিশ্মার পুনর্মিলনই ‘কফি উইথ করণ’-এর শেষ সিজ়নের শুরুতে অনুরাগীদের আলোচনার কেন্দ্রে।