কেরলমে নবরাত্রি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে কোয়েম্বাটুরে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘পেরিয়ার আরিভুলাগম’ নামে একটি গ্রন্থাগার ও বিজ্ঞানকেন্দ্রের উদ্বোধন করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কোয়েম্বাটুর বিমানবন্দরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। প্রশিক্ষিত স্নিফার ডগের সাহায্যে বিমানবন্দর চত্বরে তল্লাশি চালানো হয়।বিমানবন্দর থেকে পেরিয়ার স্টাডি সেন্টার পর্যন্ত মুখ্যমন্ত্রীর রোড শো করার কথা রয়েছে। সেই কারণে রাস্তার দু’পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশকর্মী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
চেন্নাই থেকে বিশেষ বিমানে কোয়েম্বাটুরে পৌঁছন মুখ্যমন্ত্রী বিজয়। সেখানে গ্রন্থাগার ও বিজ্ঞানকেন্দ্রটির উদ্বোধনের পাশাপাশি ডিজিটাল লাইব্রেরি এবং প্ল্যানেটেরিয়াম-সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখার কথা তাঁর। একই সঙ্গে একাধিক সরকারি প্রকল্পেরও সূচনা করার কথা রয়েছে। কোয়েম্বাটুর বিমানবন্দরে পৌঁছে মন্ত্রী পি আনন্দ এবং সম্পৎ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে স্বাগত জানান।
সরকারি কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে কেরলমের ত্রিশূরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে একটি নবরাত্রি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তাঁর যাত্রার সুবিধার্থে কোয়েম্বাটুর-আভিনাশি রোডের পিআরএস গ্রাউন্ডসে একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। ত্রিশূরের অনুষ্ঠান শেষ করে ফের কোয়েম্বাটুরে ফিরে আসবেন বিজয়। এরপর সেখান থেকে তাঁর চেন্নাই রওনা হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যাত্রাপথ এবং অনুষ্ঠানস্থলজুড়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনারকে (সিইসি) পদ থেকে সরানোর দাবিতে আয়োজিত আন্দোলনে প্রথমবারের মতো অংশ নেয় বিজয়ের দল তামিলগা ভেত্রি কাজাগম (টিভিকে)। চেন্নাইয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিক্ষোভে যোগ দেয় দলটি। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে এই আন্দোলনের আয়োজন করা হয়েছিল।
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে যখন বিরোধীদের বিক্ষোভ চলছে, সেই আবহেই চেন্নাইয়ে ‘গণতন্ত্র রক্ষা’ কর্মসূচির আয়োজন করা হয়। কংগ্রেস সাংসদ বি মণিকম ঠাকোর এবং তামিলনাড়ু কংগ্রেস কমিটির নেতৃত্বে এই বিক্ষোভে ইন্ডিয়া জোটের সাতটি শরিক দলের নেতারা অংশ নেন।
গত ৩ অক্টোবর ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার পর মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে কোনও কর্মসূচিতে এই প্রথম অংশ নিল টিভিকে। বিক্ষোভে উপস্থিত ছিলেন টিভিকে নেতা তথা স্কুলশিক্ষামন্ত্রী এ রাজমোহন, বিদুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে)-র সভাপতি ও সাংসদ থোল তিরুমাভালাভান এবং মারুমালার্চি দ্রাবিড় মুন্নেত্রা কাজাগমের (এমডিএমকে) সাধারণ সম্পাদক ভাইকো।