অক্ষরধাম থেকে কপালকুণ্ডলা থিমের লড়াই বারুইপুরে

চলছে মণ্ডপ নির্মাণের জোরদার প্রস্তুতি। গান্ধীনগরের অক্ষরধাম থেকে শুরু করে রামের অকালবোধনের অনুভূতি, পাহাড়িয়া এলাকার লোকসংস্কৃতি, মাদুর, পাখার মণ্ডপ,টেরাকোটার কাজ, কপালকুণ্ডলা,লাইভ মহালয়া দর্শন নজর কাড়বে বারুইপুরে।একে অপরকে টেক্কা দেওয়ার জন্য তৈরী পুজো কমিটি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা

বারুইপুর উকিলপাড়া ভাই ভাই সংঘের পুজো এবারও চমক নিয়ে তৈরী।এই পুজো ৫৭ বছরের। পুজো কমিটির সদস্য অরিজিৎ ভট্টাচার্য বলেন, এবার আমাদের মণ্ডপ গান্ধীনগরের স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির (ঐশী ক্ষেত্র) এর আদলে নির্মিত হচ্ছে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব আমাদের মণ্ডপ। এছাড়া প্রতি বছর মা হয় সাবেকি। এবার বদল হয়েছে। একেবারে ঘরের মেয়ের বেশে বেনারসি পড়ে মা আসছেন পরিবার নিয়ে। আলোকসজ্জাতেও নজর থাকবে। বারুইপুর ভট্টাচার্য পাড়া সার্বজনীনের পুজো এবার পঞ্চাশ বছরে পড়েছে। নতুন আকর্ষণ নিয়ে তৈরী হচ্ছে এই পুজো কমিটি। পুজো কমিটির কর্তা সৌম্যদীপ মুখোপাধ্যায় ও ছন্দক ভট্টাচার্য বলেন, এবারে আমাদের থিম অনুভূতি। রামচন্দ্র অকালবোধনে দূর্গা র পুজোর সময়ে ১০৭ টি পদ্ম পেয়েছিলেন, দরকার ছিল ১০৮টি । তাই তখন তাঁর নীল চোখ দিয়ে পাপড়ির আকারে মাকে অর্ঘ্য নিবেদন করেছিলেন। এটাই ছিল তাঁর অনুভূতি। এই বিষয়টিকেই বোঝানো হয়েছে। পরিবেশ বান্ধব আমাদের মণ্ডপ।শুধু পুজো নয় সামাজিকতায় জোর দিই আমরা।

বারুইপুরের আরও একটি নামী পুজো পদ্মপুকুর ইউথ ক্লাবের পুজো। এই পুজো এবারে ১০৭ বছরে পড়েছে। শিল্পী গৌরাঙ্গ কুইলা বলেন, এবার থিম দুর্গঙ শরনং। সিকিম, ভুটান সহ বিভিন্ন পাহাড়িয়া এলাকার লোকসংস্কৃতি,তাঁদের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। গাছের পাতা, ফুল, ফল দিয়ে তৈরী হচ্ছে পুজো মণ্ডপ। বারুইপুরের পীরপুকুরের বিধান সরনী দুর্গোৎসব কমিটির পুজো এবার ২১ বছরে পড়েছে। থিমে অভিনবত্ব এনেছে এই পুজো কমিটি। পুজো কমিটির সদস্য পৌলোমী পুরকাইত বলেন, মাদুর, পাখা, গামছা, কুলো, ঝুড়ি দিয়ে তৈরী হচ্ছে পুজো মণ্ডপ।

নতুনপাড়া সার্বজনীন পুজো কমিটি এবার একেবারে নতুনভাবে পুজো নিয়ে তৈরী হয়েছে। বংঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলার আদলে হচ্ছে মণ্ডপ। পুজো কমিটির কর্তা সজল মিত্র বলেন, এবার আমাদের পুজো ৪৫ বছরে পড়েছে। মা হবে সাবেকি। মণ্ডপে একেবারে ঘরোয়া পরিবেশ তুলে ধরা হবে। থাকবে চন্দননগরের আলোকসজ্জা। বারুইপুরের ঋষি বংঙ্কিম নগর আদি সার্বজনীনের পুজো এবারে ৪৫ বছরের। পুজো কমিটির কর্তা মলয় চট্টোপাধ্যায় বলেন, এবার থিম আবাহন।টেরাকোটার কাজ তুলে ধরা হবে। আর্ট কলেজের ছাত্ররা পটচিত্র তুলে ধরেছে। আঁকা হচ্ছে আলপনা।

ঘরোয়া পরিবেশে হবে মায়ের আরাধনা। বারুইপুর কিশোর সংঘের পুজো ৪৯ বছরের। পুজো মণ্ডপ একটি মন্দিরের আদলে নির্মিত হচ্ছে। চম্পাহাটি বান্ধব সমিতির পুজো এবার ৭৮ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা মান্নান নস্কর বলেন, থিম দূর্গা দুর্গতিনাশিনী। মহালয়ার চিত্র তুলে ধরা হবে একেবারে লাইভের মাধ্যমে। অটোমেটিক ভাবে দূর্গা অসুরের যুদ্ধও দেখানো হবে।বারুইপুর উকিলপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো এবার ৬৯ বছরের। পুজো কমিটির সম্পাদক নিরুপম দাস বলেন, এবার আকর্ষণ শিল্পী প্রদীপ রূদ্র পালের সাবেকিয়ানা ঘরানার প্রতিমা।