রজনীকান্তের ‘জেলার ২’-এর দাপটে কি বক্স অফিসে কোণঠাসা হতে চলেছে বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার ‘রণবালি’? মুক্তির আগেই ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের পরিসংখ্যান ঘিরে শুরু হয়েছে চর্চা। শুক্রবার, ১৬ অক্টোবর বিশ্ব জুড়ে মুক্তি পাচ্ছে পরিচালক রাহুল সাংকৃত্যায়নের এই ঐতিহাসিক ছবি। কিন্তু বাণিজ্য বিশ্লেষকদের একাংশের মতে, ছবির প্রচার এবং তারকাদের জনপ্রিয়তার নিরিখে অগ্রিম বুকিং আশানুরূপ নয়। ফলে মুক্তির পরে দর্শকের প্রতিক্রিয়া এবং স্পট বুকিংয়ের উপরেই অনেকটা নির্ভর করছে ছবির ভাগ্য।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
১৫ অক্টোবর মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। প্রথম দিন থেকেই ছবিটি দর্শকের ভাল সাড়া পেয়েছে বলে খবর। ভারতীয় বক্স অফিসে ছবিটির নিট আয় ৫০ কোটি টাকা ছাড়াতে পারে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। দক্ষিণী ছবির বাজারে এই সাফল্যের আবহেই প্রেক্ষাগৃহে আসছে ‘রণবালি’। তবে দুই ছবির বিষয়বস্তু একেবারেই আলাদা। নেলসন দিলীপকুমারের ‘জেলার ২’ বাণিজ্যিক বিনোদনমূলক ছবি। অন্য দিকে, ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজের ভয়াবহ দুর্ভিক্ষের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘রণবালি’।
‘স্যাকনিল্ক’-এর পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির আগের অগ্রিম বুকিংয়ে তেলুগুভাষী অঞ্চলগুলিই এগিয়ে। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় ছবিটির অগ্রিম বুকিং থেকে আয় ৩.২৩ কোটি টাকা। শহরগুলির মধ্যে হায়দরাবাদে বুকিংয়ের পরিমাণ ১.১৭ কোটি টাকা। কর্নাটকে আয় ২৭.২৬ লক্ষ টাকা, তামিলনাড়ুতে মাত্র ৩.৭৯ লক্ষ টাকা। মুক্তির দিন অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় ১,৮৩৭টি এবং কর্নাটকে ২৫২টি শো নির্ধারিত হয়েছে।
এনডিটিভি-কে এক বাণিজ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, ছবির বিশাল বাজেট, তারকাদের জনপ্রিয়তা এবং ব্যাপক প্রচারের তুলনায় অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান উদ্বেগজনক। তাঁর মতে, ‘জেলার ২’-এর জনপ্রিয়তা এবং ‘রণবালি’র প্রচারে দর্শকের মধ্যে তেমন তাগিদ তৈরি না হওয়ায় অনেকে অপেক্ষা করে পরিস্থিতি বুঝতে চাইছেন।
বিজয়ের কাছে এই ছবি বিশেষ গুরুত্বপূর্ণ। ‘কুশি’র পর বড়সড় একক সাফল্যের অপেক্ষায় রয়েছেন তিনি। ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’-এ বিজয়-রশ্মিকার জুটি ব্লকবাস্টার উপহার দিয়েছিল। এ বার তাঁদের পর্দায় ফেরার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়—২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন তাঁরা। ফলে ছবিটির আবেগঘন প্রেমকাহিনি দর্শককে টানতে পারে বলে আশা নির্মাতাদের। এখন দেখার, ‘জেলার ২’-এর প্রতিদ্বন্দ্বিতা সামলে বক্স অফিসে কতটা সাফল্য পায় ‘রণবালি’।