এশিয়ান প্যারা গেমসে সোনা জয়ের লড়াইয়ে কোকিলা, রেকর্ড শীতলের

এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ সোমবার চিনের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিউ ই-কে গোল্ডেন স্কোরে হারিয়ে সোনা জয়ের লড়াইয়ে জায়গা করে নিলেন ভারতের প্যারা জুডোকা কোকিলা। মহিলাদের J2-র ৫২ কেজি বিভাগে সেমিফাইনালে এই জয়ের ফলে অন্তত রুপোর পদক নিশ্চিত করেছেন তিনি। ফাইনালে উঠে সোনার পদক জয়ের সুযোগও তৈরি হয়েছে তাঁর সামনে।ম্যাচে কোকিলা একটি ওয়াজা-আরি এবং একটি ইউকো পয়েন্ট অর্জন করেন। অন্যদিকে, চিনের লিউ ই একটি ইউকো পয়েন্ট সংগ্রহ করেন।এদিকে, পুরুষদের J1-র ৭০ কেজি বিভাগের সেমিফাইনালে ইন্দোনেশিয়ার জুনায়েদির কাছে ইপ্পনে পরাজিত হন প্যারিস প্যারালিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কপিল পারমার।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এই হারের পর তাঁকে ব্রোঞ্জ পদকের ম্যাচে লড়তে হবে।এর আগে একই ইভেন্টের কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার বাত-এরদেনে বাটারসুরেনকে ৪ মিনিট ৫৩ সেকেন্ডের মধ্যে ইপ্পনে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন কপিল। সেই জয়ের সুবাদে প্রতিযোগিতার শেষ চারে জায়গা করে নেন তিনি।অন্যদিকে, সোমবারই ২০২৬ সালের এশিয়ান প্যারা গেমসে মহিলাদের কম্পাউন্ড আর্চারির র‍্যাঙ্কিং রাউন্ডে বিশ্বরেকর্ড স্পর্শ করেন ভারতের প্যারা আর্চার শীতল দেবী। জাপানের আইচি-নাগোয়ার ওকাজাকি চুও সোগো পার্কের মাল্টিপারপাস স্কোয়ারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনি ৭২০-র মধ্যে ৭০৪ পয়েন্ট অর্জন করেন।তুরস্কের ওজনুর চুরে-র সঙ্গে যৌথভাবে এখন বিশ্বরেকর্ডের অধিকারী শীতল।

এর পাশাপাশি, চলতি বছরের মার্চ মাসে থাইল্যান্ডের ব্যাংককে ৬৯৮ পয়েন্ট অর্জন করে যে এশীয় রেকর্ড গড়েছিলেন শীতল, এদিন তার থেকেও ছয় পয়েন্ট বেশি সংগ্রহ করেন তিনি। যোগ্যতা নির্ণায়ক পর্বের দুই অর্ধেই ৩৫২ পয়েন্ট করে অর্জন করেন শীতল। তাঁর স্কোরকার্ডে ছিল ৩২টি ‘এক্স’ এবং ২৫টি ১০ পয়েন্টের শট। এই পারফরম্যান্সের সুবাদে তিনি প্রথম স্থান অধিকার করেন এবং জাপানের আইচি-নাগোয়ায় ভারতের পদক অভিযানে দুর্দান্ত সূচনা করেন।এই পারফরম্যান্সের মাধ্যমে ২০২৩ সালে হাংঝৌতে করা নিজের ৬৮০ পয়েন্টের রেকর্ডও ভেঙে নতুন এশিয়ান গেমস রেকর্ড গড়েন শীতল।ভারতের আর এক তিরন্দাজ পায়েল নাগও দুর্দান্ত পারফরম্যান্স করেন। তিনি ৬৭৫ পয়েন্ট সংগ্রহ করে যোগ্যতা নির্ণায়ক পর্বের তালিকায় যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করেন। প্রথম অর্ধে ৩৩৪ পয়েন্ট পাওয়ার পর দ্বিতীয় অর্ধে নিজের পারফরম্যান্সের উন্নতি ঘটিয়ে ৩৪১ পয়েন্ট সংগ্রহ করেন পায়েল। তাঁর স্কোরকার্ডে ছিল ১২টি ‘এক্স’ এবং ২০টি ১০ পয়েন্টের শট।দু’জনের এই পারফরম্যান্সের সুবাদে মহিলাদের প্যারা কম্পাউন্ড ডাবলসের র‍্যাঙ্কিং রাউন্ডে শীর্ষস্থান দখল করে ভারত। শীতল দেবী ও পায়েল নাগের সম্মিলিত স্কোর দাঁড়ায় ১,৩৭৯ পয়েন্ট। এর মধ্যে শীতল ৭০৪ এবং পায়েল ৬৭৫ পয়েন্ট অর্জন করেন।