মৃত্যুর কথা বলছিলেন পাদ্রি, আচমকাই মাথায় ভেঙে পড়ল যিশুর মূর্তি!

মৃত্যু নিয়ে বক্তব্য রাখছিলেন পাদ্রি। সেই সময়েই তাঁর মাথায় ভেঙে পড়ল ক্রুশবিদ্ধ যিশুর ভারী কাঠের মূর্তি। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়লেন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ইকুয়েডরের গুয়াকিল শহরের একটি গির্জায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে লাইভ সম্প্রচারে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।

জানা গিয়েছে, গত ১৭ অক্টোবর দুর্ঘটনাটি ঘটে। সেই সময় গির্জায় উপস্থিত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন পাদ্রি প্যাট্রিক আলফ্রেডো সানচেজ মোলিনারি। তাঁর পিছনের দেওয়ালে টাঙানো ছিল ক্রুশবিদ্ধ যিশুর ভারী কাঠের মূর্তি। বক্তব্য চলাকালীন আচমকাই দেওয়াল থেকে খুলে পড়ে সেটি। সোজা এসে আঘাত করে পাদ্রির মাথায়। আঘাতের অভিঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আচমকা এই ঘটনায় গির্জার ভিতরে হইচই পড়ে যায়। উপস্থিত লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি।

রবিবার ক্যাথলিক চার্চের তরফে পাদ্রির মৃত্যুর খবর আনুষ্ঠানিক ভাবে জানানো হয়। সমাজমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় লেখা হয়, তাঁদের প্রিয় ফাদার প্যাট্রিক আলফ্রেডো সানচেজ মোলিনারি ঈশ্বরের কাছে চলে গিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করার পাশাপাশি প্রার্থনা করা হয়েছে, ঈশ্বরের আলো যেন চিরকাল তাঁকে ঘিরে রাখে।

এই ঘটনার পর সমাজমাধ্যমে পাদ্রির শেষ বক্তব্য নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, দুর্ঘটনার ঠিক আগেই মৃত্যু এবং ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে কথা বলছিলেন তিনি। একটি বিবরণ অনুযায়ী, বক্তব্যে তিনি বলেছিলেন, এক দিন প্রত্যেককেই মৃত্যুর মুখোমুখি হতে হবে। তাই অন্যান্য কাজে সময় ব্যয় করার চেয়ে ঈশ্বর, পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়ের গুরুত্ব অনেক বেশি।

যদিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর শেষ কথাগুলির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা যায়নি, তবু ঘটনাটিকে ঘিরে শোকের আবহ তৈরি হয়েছে। লাইভ সম্প্রচারে ধরা পড়া এই আকস্মিক দুর্ঘটনা স্তম্ভিত করেছে বহু মানুষকে।