দুর্গাপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাতভর পথে নামল বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা।শহরের বড় বড় পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, মণ্ডপে প্রবেশ ও বেরোনোর পথ এবং যান চলাচল ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার অরবিন্দ কুমার আনন্দ, অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এবং বারুইপুর থানার আইসি শান্তনু মিত্র-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা
বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন তাঁরা। দর্শনার্থীদের সঙ্গেও কথা বলে তাঁদের কোনও অসুবিধা হচ্ছে কি না, তা জানার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান, বেশ কয়েকটি পুজো মণ্ডপে কিছু ত্রুটি নজরে এসেছে। সেগুলি দ্রুত সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুজোর দিনগুলিতে যাতে যানজটের সমস্যা না হয় এবং দর্শনার্থীরা নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারেন, সেদিকেও বিশেষ নজর রাখছে পুলিশ।নিরাপত্তা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ পুজোর শহরে দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে তৎপর বারুইপুর পুলিশ জেলা।