দিল্লিতে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট বাতিলের পর এবার মুম্বইয়ে তাঁর অনুষ্ঠান ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তার কারণে আগামী ২৭ নভেম্বর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এর মধ্যেই মুম্বইয়ের মেয়র ঋতু রাজেশ তাউড়ের কাছে হুমকি মেল আসায় উদ্বেগ আরও বেড়েছে। শুক্রবার সকালে আসা ওই মেলে দিলজিৎ দোসাঞ্ঝের ‘ইন্ডিয়া টুর’-এর পাশাপাশি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের নামও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে আগামী ২৯ নভেম্বর মুম্বইয়ে নির্ধারিত কনসার্টের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তবে অনুষ্ঠানটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ অক্টোবর সকালে দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। সেই ইমেলে ৩০ অক্টোবর দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে যোগ না দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি, ওই ইমেলে খলিস্তানপন্থী স্লোগানও ছিল বলে সূত্রের খবর। দিল্লির মোট ছ’টি স্কুলে এই হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছিল। তার মধ্যে ছিল দ্য ব্রিটিশ স্কুল, মাউন্ট কারমেল, অহলকন ইন্টারন্যাশনাল স্কুল এবং অহলকন পাবলিক স্কুল-সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এই ঘটনার পর দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে।
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে একের পর এক হুমকি মেল সামনে আসায় উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকেও হুমকি দেওয়ার খবর সামনে এসেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অজ্ঞাতপরিচয় মেল প্রেরকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই মেলে দাবি করা হয়েছে, আগামী ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’-য় গ্রেনেড হামলা চালানো হতে পারে। মেলটির উৎস, প্রেরকের আইপি অ্যাড্রেস এবং হুমকির সত্যতা যাচাই করতে তদন্তে নেমেছে সাইবার সেল ও পুলিশ প্রশাসন।