আগে ভোটার তালিকায় প্রতিটি নাগরিকের সঠিক নাম ফেরান, তবেই নির্বাচন!” হাওড়ায় কড়া হুংকার বিকাশরঞ্জন ভট্টাচার্যের মঙ্গলবার হাওড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন জ্বলন্ত ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে রাজ্য সরকার ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র আক্রমণ শানালেন প্রবীণ আইনজীবী ও বামনেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।

রণজিত রায়, নিজস্ব সংবাদদাতা
আমাদের স্পষ্ট ও নিরন্তর দাবি হলো প্রত্যেক নাগরিকের নাম নির্ভুলভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পরেই ভোট বা নির্বাচন হওয়া উচিত। যদি এই দাবি কার্যকর না করা হয়, তবে পরিস্থিতি বিচার করে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবং প্রয়োজনে আইনি লড়াই বা আদালতের দ্বারস্থ হতে পিছপা হব না। গাইঘাটায় ধর্ষণকাণ্ডে অভিযুক্তের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলে তিনি স্পষ্ট ভাষায় জানান, এর আড়ালে আসল অপরাধীদের বাঁচানোর বা আড়াল করার চেষ্টা থাকতে পারে। এই ধরনের ঘটনার তীব্র সমালোচনা করে তিনি বলেন, প্রকৃত ন্যায়বিচার ও আইনি পথেই অপরাধীদের শাস্তি হওয়া উচিত।

নিজের বিরুদ্ধে এফআইআর এবং মুখ্যমন্ত্রীর হুমকি বা ধমক-চমক নিয়ে বিকাশরঞ্জন বাবু সাফ জানিয়ে দিয়েছেন এসবকে তিনি বিন্দুমাত্র তোয়াক্কা করেন না। তিনি আইনি লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন এবং আইনি পথেই এর শেষ দেখে ছাড়বেন। আসন্ন নির্বাচনগুলোতে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি তাঁদের সঙ্গেই থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দিয়ে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় আমাদের এই লড়াই অবিচলভাবে চলবে।