জিও ইভেন্টে আম্বানির নাতি-নাতনিদের দুষ্টুমিতে মজেছে নেটপাড়া!

বড়সড় কর্পোরেট সাফল্যের সাক্ষী থাকল মুম্বইয়ের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। বুধবার, ২৮ অক্টোবর, জিও প্ল্যাটফর্মসের শেয়ার বাজারে তালিকাভুক্তির অনুষ্ঠান ঘিরে ছিল বিশেষ আয়োজন। তবে সেই অনুষ্ঠানের সমস্ত আলো কেড়ে নিলেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানির নাতি-নাতনিরা। মঞ্চে এবং তার আশপাশে তাদের খুনসুটি, ছোটাছুটি আর দুষ্টুমির ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয়েছে হাসি-ঠাট্টা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

অনুষ্ঠানের গাম্ভীর্যের মাঝেই ছোটদের স্বতঃস্ফূর্ত আচরণ নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চের আশপাশে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে আম্বানি পরিবারের খুদেরা। অন্য একটি ক্লিপে ড্রোন ক্যামেরা দেখে তাদের উত্তেজিত হয়ে পড়তে দেখা গিয়েছে। বড়দের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে ছোটদের এমন কাণ্ডকারখানা দেখে মজেছেন নেটব্যবহারকারীরা।

এক নেটাগরিক মজার ছলে লিখেছেন, “বড় হয়ে যখন কোনও সংস্থার সিইও হবে, তখন এই ভিডিয়ো দেখলে কেমন লাগবে!” অন্য এক জনের মন্তব্য, শিশুদের শিশুর মতোই থাকতে দেখা কতটা সুন্দর! তাঁদের মতে, সন্তানদের সামলানোর সময়ে মায়েদের ধৈর্য এবং ভালবাসা নজর কেড়েছে। শিশুদের দুষ্টুমি সামলাতে গিয়ে অভিভাবকেরা যে শান্ত থেকেছেন, সেটিও প্রশংসা কুড়িয়েছে। অনেকের আবার মন্তব্য আম্বানির নাতি নাতনিদের শান্ত করতেও ফোন দেওয়া হয়।

নীতা ও মুকেশ আম্বানির মোট চার নাতি-নাতনি। তাঁদের বড় ছেলে আকাশ আম্বানি ও পুত্রবধূ শ্লোকা মেহতার দুই সন্তান—পৃথ্বী আকাশ আম্বানি এবং বেদা আকাশ আম্বানি। অন্য দিকে, মেয়ে ইশা আম্বানি ও জামাই আনন্দ পিরামলের যমজ সন্তান আদিয়া শক্তি পিরামল এবং কৃষ্ণ পিরামল।

জিও প্ল্যাটফর্মসের শেয়ার বাজারে তালিকাভুক্তির মতো গুরুত্বপূর্ণ কর্পোরেট অনুষ্ঠানে স্বাভাবিক ভাবেই নজর ছিল ব্যবসায়িক মহলের। কিন্তু দিনের শেষে সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আম্বানি পরিবারের খুদে সদস্যদের মিষ্টি দুষ্টুমি। বড়দের ব্যস্ত দুনিয়ার মাঝেও যে ছোটদের সারল্য অনায়াসে নজর কেড়ে নিতে পারে, ভাইরাল ভিডিয়োগুলি যেন তারই প্রমাণ।