আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরেই বড় পর্দায় আসতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় রণবীর কাপুরকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। মুক্তির আগে জোরকদমে চলছে ছবির প্রচার। আর সেই প্রচারপর্বেই এক মন্তব্য করে সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রে উঠে এলেন রণবীর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ইলন মাস্কের আধুনিক প্রযুক্তির উড়ন্ত গাড়ির সঙ্গে তুলনা টানলেন রামায়ণের পুষ্পক রথের। অভিনেতার দাবি, আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগেই ভারতে উড়ন্ত গাড়ির ধারণা ছিল!
সম্প্রতি একটি চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন রণবীর, যশ, রবি দুবে, রকুল প্রীত সিং এবং পরিচালক নীতেশ তিওয়ারি। সেখানে মহাকাব্যকে বড় পর্দায় ফুটিয়ে তোলার অভিজ্ঞতা নিয়ে আলোচনা চলছিল। কথায় উঠে আসে রামায়ণের বিভিন্ন অলৌকিক অস্ত্র এবং পুষ্পক বিমানের প্রসঙ্গ। কী ভাবে এই পৌরাণিক বিষয়গুলিকে বাস্তবসম্মত ভাবে পর্দায় তুলে ধরা হয়েছে, তা নিয়েও কথা বলেন তাঁরা।
সেই সময়ই ইলন মাস্কের প্রসঙ্গ টেনে রণবীর মজার ছলে বলেন, ‘‘ইলন মাস্ক সম্প্রতি একটি উড়ন্ত গাড়ি আবিষ্কার করেছেন। আমার মনে হয়, ভারত পাঁচ হাজার বছর আগেই সেটা করে ফেলেছিল!’’ রামায়ণের পুষ্পক রথের সঙ্গে আধুনিক উড়ন্ত গাড়ির তুলনা করেই এই মন্তব্য করেন অভিনেতা। তাঁর কথায়, প্রাচীন ভারতের কল্পনা ও প্রযুক্তির ধারণা আধুনিক যুগকেও চমকে দিতে পারে।
রণবীরের মন্তব্যের পাশাপাশি পুষ্পক রথের নকশা তৈরির নেপথ্যের পরিশ্রমের কথাও জানিয়েছেন পরিচালক নীতেশ। তাঁর দাবি, রথটির চূড়ান্ত নকশা তৈরি করতে প্রায় দু’বছর সময় লেগেছে। বার বার নকশা বদলানোর কারণে রাবণ ও জটায়ুর যুদ্ধের দৃশ্যের কোরিওগ্রাফিতেও পরিবর্তন করতে হয়েছিল। প্রথমে তৈরি করা যুদ্ধের দৃশ্যের সঙ্গে পরবর্তী নকশার সামঞ্জস্য রাখতে একাধিক বার নতুন করে কাজ করতে হয়। সব মিলিয়ে ছবির পুষ্পক রথ এখন প্রচারের অন্যতম আকর্ষণ।