কাঁওয়ার যাত্রা নিয়ে অখিলেশকে নিশানা যোগীর!

উত্তরপ্রদেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা দিত সমাজবাদী পার্টি সরকার। পশ্চিম উত্তরপ্রদেশে কাঁওয়ার যাত্রা থেকে শুরু করে বিভিন্ন উৎসব পালনেও নিষেধাজ্ঞা জারি করা হত। সোমবার গন্ডায় একটি জনসভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং তাঁর দলকে এ ভাবেই আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর অভিযোগ, সপা সরকারের আমলে সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের বাড়িতে মা দুর্গার পুজো করতেও বাধার মুখে পড়তে হত।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

গন্ডার সভায় যোগী বলেন, ‘‘সনাতন ধর্মের কোনও অনুসারী নিজের বাড়িতে মা দুর্গার পুজো করতে চাইলে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হত। লখনউয়ের তৎকালীন সমাজবাদী পার্টি সরকারও সেই কাজে হস্তক্ষেপ করত। পশ্চিম উত্তরপ্রদেশে কাঁওয়ার যাত্রা করতে দেওয়া হত না। উৎসব বা উদ্‌যাপনেও বাধা দেওয়া হত। এই অঞ্চলে কোনও উন্নয়নমূলক প্রকল্পও পৌঁছয়নি।’’

প্রাক্তন সরকারের সঙ্গে নিজের সরকারের তুলনা টেনে উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অযোধ্যার উন্নয়নে তাঁর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। রামচন্দ্রের পবিত্র ভূমিতে দীপোৎসবের আয়োজন গন্ডার উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। এ দিন গন্ডা জেলার মনকাপুর এবং গৌরা বিধানসভা এলাকায় ৫২০ কোটি টাকারও বেশি মূল্যের ৬৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।

সমাজমাধ্যমে একটি পোস্টে যোগী জানান, কেন্দ্র ও রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকার সাধারণ মানুষের পরিষেবা এবং প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়েও সামাজিক সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, উৎসব কখনও একার আনন্দ হতে পারে না। যাঁদের অভাব রয়েছে, যাঁরা কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানো উচিত। তাঁদের বাড়িতে গিয়ে দীপাবলির উপহার ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গন্ডা জেলার উন্নয়নের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাপ্রকাশ করেন যোগী।