ব্রাজিল-উরুগুয়েকে এনে ৮৫ কোটির দেনা! এফডি ভাঙার প্রস্তাব

ব্রাজিল, উরুগুয়ে, পানামার মতো দেশকে ভারতে এনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের স্বপ্ন দেখিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু সেই স্বপ্নপূরণ করতে গিয়েই এখন প্রায় ৮০-৮৫ কোটি টাকার দেনায় ডুবেছে ফেডারেশন। আর সেই বিপুল দেনা মেটাতে এ বার ফেডারেশনের সঞ্চিত অর্থ, অর্থাৎ ফিক্সড ডিপোজিট ভাঙার প্রস্তাব দিলেন কল্যাণ। যদিও সদস্যদের প্রবল আপত্তিতে শেষ পর্যন্ত পিছু হটতে হল তাঁকে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

রবিবার অনলাইনে আয়োজিত ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় (এসজিবিএম) এই প্রস্তাব দেন সভাপতি। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের খরচ মেটাতে গিয়ে কার্যত শূন্য ভাঁড়ার। সেই পরিস্থিতিতে এফডি ভেঙে দেনা মেটানোর প্রস্তাব শুনেই আপত্তি জানান সদস্যেরা। তাঁদের বক্তব্য, চরম আপৎকালীন পরিস্থিতি ছাড়া ফেডারেশনের সঞ্চিত অর্থে হাত দেওয়া উচিত নয়।

ফেডারেশনের সহ-সভাপতি এনএ হরিশও মনে করিয়ে দেন, এফডি না ভাঙার সিদ্ধান্ত আগেই নিয়েছে এক্সিকিউটিভ কমিটি। এর পর কল্যাণ প্রস্তাব দেন, আপাতত এফডি থেকে টাকা তুলে দেনা মেটানো হবে। পরে স্পনসরদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু তাতেও সদস্যদের সম্মতি মেলেনি।

এই পরিস্থিতিতে প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেলও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, আগের সভায় কল্যাণই জানিয়েছিলেন, প্রীতি ম্যাচ আয়োজনের সমস্ত খরচ স্পনসরদের কাছ থেকে আসবে। তা হলে এখন ফিক্সড ডিপোজিট ভাঙার প্রয়োজন পড়ছে কেন? দেনার পরিমাণ এবং পাওনাদারদের টাকা মেটানোর সময়সীমাও জানতে চান তিনি।

অন্য দিকে, সদস্যদের আশঙ্কা, আন্তর্জাতিক ম্যাচের পিছনে বিপুল অর্থ খরচ করতে গিয়ে সন্তোষ ট্রফির মতো ঘরোয়া প্রতিযোগিতা এবং ফুটবলের উন্নয়নমূলক কাজ থমকে যেতে পারে।

আর্থিক চুক্তির গোপনীয়তার কারণ দেখিয়ে দেনার বিস্তারিত হিসাব অবশ্য সভায় প্রকাশ করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে কয়েক জন সদস্যকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন হরিশ। আপাতত সেখানেই আটকে কল্যাণের এফডি ভাঙার পরিকল্পনা। প্রীতি ম্যাচের জৌলুসের আড়ালে ভারতীয় ফুটবলের আর্থিক সংকট যে ক্রমশ প্রকট হচ্ছে, রবিবারের বৈঠক তা আরও স্পষ্ট করে দিল।