রাম-কৃষ্ণের তুলনা করে বিতর্কে বাগেশ্বর বাবা!

ভগবান রাম এবং শ্রীকৃষ্ণের তুলনা করতে গিয়ে বিতর্কে জড়ালেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা। তাঁর একটি মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন ৩০ বছর বয়সি এই ধর্মগুরু। তাঁর দাবি, সম্পূর্ণ বক্তব্য না শুনেই ভিডিয়োর একটি অংশ নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রদেশের শিবপুরী জেলার কারেরা এলাকায় রামকথা পাঠের আসরে বক্তব্য রাখছিলেন ধীরেন্দ্র। সেখানেই রাম এবং কৃষ্ণের তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘‘রামজি সোজাসাপ্টা। তাঁর নাম সোজা, চাহনি সোজা, চলনও সোজা। আর তোমাদের ঠাকুরজি বাঁকা, তাঁর চাহনি বাঁকা, চলনও বাঁকা।’’ এমনকি কৃষ্ণের বাঁশি বাজানো নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর মন্তব্য, বাঁশি বাজানো একটা খেলা মাত্র, কিন্তু ধনুক চালানো কোনও খেলা নয়। এই বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিতর্কের সূত্রপাত।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও এই মন্তব্যের নিন্দা করেন। তাঁর অভিযোগ, হিন্দু দেবদেবীদের মধ্যে তুলনা টেনে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আপত্তিকর বলেও মন্তব্য করেন তিনি।

এর পরেই একটি ভিডিয়ো বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন বাগেশ্বর বাবা। তাঁর দাবি, সাধকের একটি ভক্তিমূলক পদ ব্যাখ্যা করতে গিয়ে ওই কথা বলেছিলেন তিনি। রাম ও কৃষ্ণের মধ্যে কোনও বিভেদ তৈরি করা তাঁর উদ্দেশ্য ছিল না। তিনি নিজেও কৃষ্ণভক্ত এবং ব্রজভূমির প্রতি তাঁর গভীর অনুরাগ রয়েছে বলে জানান।

ধীরেন্দ্র আরও বলেন, কৃষ্ণজন্মভূমির দাবিতেও তিনি বার বার সরব হয়েছেন। তাঁর কথায়, বক্তব্যের ব্যাখ্যায় কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। তবে তাঁর দাবি, সম্পূর্ণ ভিডিয়ো না দেখেই তাঁকে কৃষ্ণবিরোধী তকমা দেওয়া হচ্ছে।