নেপালের সোলুখুম্বু জেলায় অবতরণের সময় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ভারতীয় পর্যটকের। এই ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারত। মৃত ভারতীয় নাগরিকের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
মঙ্গলবার বিদেশ মন্ত্রকের (MEA) নিয়মিত সাংবাদিক বৈঠকে এই দুর্ঘটনার কথা জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দূতাবাস নিশ্চিত করেছে। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এর আগে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসও এই ঘটনায় শোকপ্রকাশ করে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, নেপাল প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মৃতের দেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। এই দুর্ঘটনায় আরও তিনজন পর্যটক আহত হয়েছেন। নেপালের সংবাদমাধ্যম ‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় মৃত ভারতীয় পর্যটকের নাম বসন্ত কুমার বালারামারামাডু। তিনি ফিশটেল এয়ারের একটি হেলিকপ্টারে যাত্রী হিসেবে ছিলেন। নেপালের পুলিশ আধিকারিক মৌসম তামাং জানিয়েছেন, মৃতের দেহ লুকলা এলাকার একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
ওই হেলিকপ্টারে থাকা নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেলও আহত হয়েছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত। দুর্ঘটনার পর তাঁকে অন্য একটি হেলিকপ্টারে করে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই হেলিকপ্টারের চালকও সামান্য আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল প্রায় ৮টা ১১ মিনিট নাগাদ নেপালের পেরিচে এলাকায় অবতরণের সময় এয়ার ডাইনেস্টি এবং ফিশটেল এয়ারের দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। খুম্বু পাসাং লামু গ্রামীণ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সময় দুটি হেলিকপ্টারে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন আধিকারিকরা। ইতিমধ্যে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, অবতরণের সময় দুটি হেলিকপ্টার বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে। এরপর তাদের রোটর ব্লেডের মধ্যে সংঘর্ষ হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত চালাচ্ছে নেপাল প্রশাসন।