দীপাবলির আগে শেয়ারবাজারে কার্যত লক্ষ্মীলাভ। টানা দু’দিন ঊর্ধ্বমুখী রইল দেশের দুই প্রধান সূচক সেনসেক্স ও নিফটি। সোমবারের পর মঙ্গলবারও দুরন্ত গতিতে ছুটল দালাল স্ট্রিট। মঙ্গলবার লেনদেন শেষে ১২২৫.০৭ পয়েন্ট বেড়ে ৭৬,৯১৮ পয়েন্টে থামল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স। অন্য দিকে, ৩৭০.৫ পয়েন্ট বেড়ে ২৩,৮১০ পয়েন্টে পৌঁছল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি। সব মিলিয়ে দু’দিনে ২৪০০ পয়েন্টেরও বেশি উঠেছে সেনসেক্স। উৎসবের মরসুমে বাজারের এই উত্থানে স্বাভাবিক ভাবেই খুশি বিনিয়োগকারীরা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
কিন্তু হঠাৎ শেয়ারবাজারের এই ঘুরে দাঁড়ানোর কারণ কী? বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়াই এই উত্থানের অন্যতম কারণ। ভারত জ্বালানির চাহিদার বড় অংশ আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে আমদানি খরচ কমার সম্ভাবনা থাকে। এর ইতিবাচক প্রভাব পড়তে পারে দেশের বাণিজ্য ঘাটতি, মুদ্রাস্ফীতি এবং বিভিন্ন শিল্পের উৎপাদন খরচে। সেই প্রত্যাশাতেই বাজারে কেনাকাটার প্রবণতা বেড়েছে।

পাশাপাশি, দীর্ঘমেয়াদি মূলধনী লাভ কর (এলটিসিজি) নিয়ে বিনিয়োগকারীদের অনুকূল মনোভাবও বাজারকে চাঙ্গা করেছে বলে মত বিশেষজ্ঞদের। বিদেশি লগ্নিকারীদের ভারতীয় বাজারে ফিরে আসাও সূচকের উত্থানে বড় ভূমিকা নিয়েছে। সোমবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৩,১১৭.৯৯ কোটি টাকার শেয়ার কিনেছেন। যদিও ওই দিন দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৪০৬.৬১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন।
মঙ্গলবারের বাজারে এফএমসিজি, আর্থিক এবং রিয়েলটি ক্ষেত্রের শেয়ারে ভাল লাভ হয়েছে। সেনসেক্সের তালিকায় হিন্দুস্তান ইউনিলিভার, ভারতী এয়ারটেল এবং এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারে সবচেয়ে বেশি উত্থান দেখা গিয়েছে। বিপরীতে পাওয়ার গ্রিড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইনফোসিসের শেয়ারে তেমন গতি ছিল না। তবে টানা দু’দিনের এই উত্থানে দীপাবলির আগে বিনিয়োগকারীদের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।