আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। ফের কোনও সামরিক সংঘাত শুরু করার চেষ্টা করলে তার ফল ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। ইরানের সরকারি সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’-র (Press TV) প্রতিবেদন অনুযায়ী, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, দীর্ঘদিন ধরে যুদ্ধের পরিস্থিতি জিইয়ে রাখা কিংবা যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অবস্থায় অনির্দিষ্টকাল থাকা তারা মেনে নেবে না।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (IRGC) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি। তাঁর দাবি, যে কোনও ধরনের সামরিক পরিস্থিতির মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত ইরান। দেশের সামরিক শক্তি আগের তুলনায় অনেক বেড়েছে। পাশাপাশি, আমেরিকার সেনাবাহিনীর গতিবিধির উপরও সব সময় নজর রাখছে তেহরান। দীর্ঘদিন ধরে সংঘাত জিইয়ে রাখার সম্ভাবনা খারিজ করে মোহেব্বি বলেন, “যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতি আমরা মেনে নেব না।” তাঁর কথায়, “যুদ্ধের বিষয়টি আমরা চিরতরে মিটিয়ে ফেলতে চাই। হয় যুদ্ধক্ষেত্রেই এর ফয়সালা হবে, নয়তো আমেরিকাকে ইরানের শর্ত মেনে নিতে হবে।”
গত ১২ দিনের যুদ্ধের পর দেশের সামরিক প্রস্তুতি আরও মজবুত করতে কী কী পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়েও মুখ খোলেন তিনি। মোহেব্বি জানান, সংঘাতের পর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করা জরুরি হয়ে পড়েছিল। দেশের সামরিক নেতৃত্বের নির্দেশে সেই দায়িত্ব দেওয়া হয় IRGC-র মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীকে।
তিনি বলেন, “আমাদের বাহিনীর সদস্যরা দিনরাত এক করে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি ও উৎপাদনের কাজ করেছেন। এখন এই ক্ষেত্রে শুধু একটি নয়, অন্তত তিনটি নতুন ব্যবস্থা তৈরি করতে পেরেছি আমরা।” মোহেব্বির দাবি, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলি এখন শুধু ইরানের প্রয়োজনই মেটাচ্ছে না, বিদেশেও রফতানি করা হচ্ছে। তাঁর বক্তব্য, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আগের দুর্বলতাগুলি অনেকটাই কাটিয়ে উঠেছে ইরান। নতুন ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা চালু হওয়ায় দেশের নিরাপত্তা আরও বেড়েছে।
তিনি আরও জানান, আকাশ প্রতিরক্ষার জন্য এখন আর বিদেশের উপর নির্ভর করতে হয় না ইরানকে। দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ব্যবহার করেই IRGC-র মহাকাশ বাহিনী এবং ইরানের সেনাবাহিনী যৌথভাবে প্রতিরক্ষার কাজ চালাচ্ছে। ইরানের সামরিক প্রস্তুতির প্রমাণ দিতে গিয়ে মোহেব্বি দাবি করেন, শত্রুপক্ষের আকাশযান ও নজরদারি ড্রোনের উপর লাগাতার নজর রাখা হচ্ছে। তাঁর দাবি, ইতিমধ্যেই নবম MQ-170 নজরদারি ড্রোনটি অক্ষত অবস্থায় আটক করতে সক্ষম হয়েছে ইরানের বাহিনী।
শুধু প্রতিরক্ষা নয়, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়েও বড় দাবি করেছেন IRGC-র মুখপাত্র। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, মোহেব্বি জানান, এর আগে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপের কাছাকাছি এলাকা পর্যন্ত আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্রের সক্ষমতার কথা জানিয়েছিল ইরান। সেই দূরত্ব প্রায় ৪৫০০ কিলোমিটার। তাঁর বক্তব্য, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা সৈয়দ আলি খামেনেইয়ের নির্দেশে আগে ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল। তবে বর্তমান সর্বোচ্চ নেতা নির্দেশ দিলে ইউরোপে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর ক্ষমতা রয়েছে ইরানের।
সাম্প্রতিক যুদ্ধের ফলে পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক অবস্থান কতটা দুর্বল হয়েছে, সেই বিষয়েও মন্তব্য করেন মোহেব্বি। তাঁর দাবি, এই সংঘাত আমেরিকার বিস্তৃত সামরিক ঘাঁটিগুলির একাধিক দুর্বলতা সামনে এনে দিয়েছে। ফলে ওই অঞ্চলে নিজেদের সেনা মোতায়েনের পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। মোহেব্বির দাবি, কয়েক দশক ধরে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে প্রায় ১৬টি সামরিক ঘাঁটি তৈরি করেছে আমেরিকা। এই ঘাঁটিগুলির মাধ্যমে সামরিক অভিযান চালানো এবং নিজেদের প্রভাব বজায় রাখার পরিকল্পনা ছিল তাদের।
এই ঘাঁটিগুলির মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমানঘাঁটি, যা আমেরিকার বিমান অভিযানের অন্যতম প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র। এ ছাড়া বাহরাইনের আল জুফায়ের এবং শেখ ইসা সামরিক ঘাঁটি থেকে নৌবাহিনীর কাজকর্ম পরিচালিত হয়। কুয়েতের আলি আল সালেম এবং আহমদ আল-জাবের ঘাঁটি আমেরিকার সেনাদের রসদ, কর্মী এবং সামরিক সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত হয়।মোহেব্বির বক্তব্য, বিমান ওঠানামার ব্যবস্থা, সামরিক অভিযান পরিচালনার কেন্দ্র, তথ্যপ্রযুক্তি পরিকাঠামো এবং ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার নিয়ে তৈরি এই ঘাঁটিগুলিই যুদ্ধের সময় আমেরিকার কাছে বড় দায় হয়ে দাঁড়ায়। ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষিত রাখতে বিপুল পরিমাণ অর্থ ও সামরিক শক্তি খরচ করতে হয়েছে ওয়াশিংটনকে।
প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, মোহেব্বি দাবি করেছেন, আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে অথবা সেগুলি আর ব্যবহারের উপযুক্ত নেই। কয়েকটি ঘাঁটি নতুন করে তৈরি করাও সম্ভব নাও হতে পারে। কারণ, সেগুলির উপর হামলার আশঙ্কা এখনও রয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়া থেকে আমেরিকার সামরিক উপস্থিতির একাংশ আরও দূরে সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী, আফ্রিকার হর্ন অফ আফ্রিকা অঞ্চলেও বিকল্প সামরিক ঘাঁটি তৈরির কথা ভাবতে পারে আমেরিকা বলে দাবি করেছেন তিনি।
স্থলভাগের পাশাপাশি পারস্য উপসাগরে আমেরিকার নৌবাহিনীর উপস্থিতিও অনেকটা কমে গিয়েছে বলে দাবি মোহেব্বির। তাঁর কথায়, “রমজান যুদ্ধের আগে পারস্য উপসাগরে আমেরিকার প্রায় ৪০টি যুদ্ধজাহাজ ছিল। কিন্তু এখন ওই অঞ্চলে একটিও নেই।” তিনি আরও জানান, বাহরাইন এবং পারস্য উপসাগরকে কেন্দ্র করে আমেরিকার পঞ্চম নৌবহরের আগের মতো কার্যকলাপ এখন অনেকটাই কমে গিয়েছে। আমেরিকার বিমানবাহী রণতরী এবং অন্যান্য যুদ্ধজাহাজও সংঘাতের এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেগুলি প্রায় ৫০০ থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে দাবি তাঁর।
আমেরিকার প্রকাশিত তথ্যের উল্লেখ করে মোহেব্বি আরও দাবি করেন, প্যাট্রিয়ট এবং টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ভাণ্ডারেও টান পড়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমেরিকার উপর চাপ বাড়ছে। তবে এত কিছুর পরেও আমেরিকা নতুন করে সামরিক পদক্ষেপ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের হারানো সম্মান ফিরে পেতে এবং পশ্চিম এশিয়ায় প্রভাব বজায় রাখতে ওয়াশিংটন ফের সংঘাতের পথে হাঁটতে পারে। তাই বর্তমানে যুদ্ধবিরতি বা সাময়িক শান্তির পরিস্থিতিকে ইরান বিপদের অবসান বলে মনে করছে না।
মোহেব্বি বলেন, “সামরিক ক্ষেত্রে কোনও সম্ভাবনাকেই আমরা শুধুমাত্র সম্ভাবনা বলে মনে করি না। প্রতিটি সম্ভাবনাকেই ১০০ শতাংশ বিপদ হিসেবে ধরে নিয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছি।” তাঁর দাবি, আমেরিকার সেনা মোতায়েন, যুদ্ধবিমান, অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং সম্ভাব্য অভিযানের পরিকল্পনার উপর কড়া নজর রাখছে ইরানের গোয়েন্দা বিভাগ ও সশস্ত্র বাহিনী। যে কোনও ধরনের হামলা মোকাবিলায় তারা প্রস্তুত।
মোহেব্বির আরও দাবি, সাম্প্রতিক সংঘাতের ফলে পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে আমেরিকার বিশ্বাসযোগ্যতা অনেকটাই ধাক্কা খেয়েছে। এর ফলে বেশ কয়েকটি দেশ আমেরিকার নিরাপত্তার প্রতিশ্রুতির উপর নির্ভরতা কমানোর কথা ভাবছে। পাশাপাশি, বিকল্প আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আগ্রহ দেখাচ্ছে তারা।
ইরানের উপর ফের হামলা চালালে আমেরিকাকেও তার সামরিক ও কৌশলগত সম্পদের বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মোহেব্বি। তাঁর বক্তব্য, শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে আঘাত হানার ক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে তেহরানের। অসম যুদ্ধের কৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে ইরান। তিনি বলেন, “আগের তুলনায় এখন শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে হামলা চালানোর ক্ষমতা ইসলামিক প্রজাতন্ত্রের অনেক বেড়েছে।”
ইরানের সামরিক কৌশল ব্যাখ্যা করতে গিয়ে মোহেব্বি জানান, শত্রুপক্ষ যে পদ্ধতিতে হামলা চালাবে, ইরান ঠিক সেই পদ্ধতিতে পাল্টা জবাব দেবে না। বরং অন্য পদ্ধতিতে এবং অন্য লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তারা। তাঁর হুঁশিয়ারি, নতুন করে হামলা হলে তার জবাব হবে অনেক বেশি শক্তিশালী। মোহেব্বির কথায়, “শত্রুপক্ষ আমাদের উপর যে ধরনের হামলাই চালাক না কেন, তার অন্তত তিন গুণ বেশি জবাব দেওয়া হবে। সেই পাল্টা হামলা শত্রুপক্ষের আক্রমণের আগেও হতে পারে, আবার পরেও হতে পারে।” তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন, কোনও দেশ যদি নিজেদের ভূখণ্ড ব্যবহার করে আমেরিকাকে ইরানের উপর হামলা চালানোর সুযোগ দেয়, তা হলে সেই দেশও ইরানের পাল্টা হামলার লক্ষ্য হতে পারে। ভৌগোলিক অবস্থান যাই হোক না কেন, এই নিয়মের ব্যতিক্রম হবে না বলে দাবি তাঁর।
আমেরিকার স্থলপথে হামলার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন IRGC-র মুখপাত্র। তাঁর যুক্তি, স্থলভাগে প্রতিরক্ষার ক্ষেত্রে ইরানের সামরিক শক্তি অনেক বেশি। অন্যদিকে, আমেরিকার সামরিক কৌশল মূলত বিমান ও নৌবাহিনীর শক্তির উপর নির্ভরশীল। স্থলবাহিনীর উপর তাদের নির্ভরতা তুলনামূলকভাবে কম। এমনকী, আমেরিকা হেলিকপ্টারের মাধ্যমে সেনা নামিয়ে অভিযান চালানোর চেষ্টা করলেও তা সফল হবে না বলে দাবি করেছেন মোহেব্বি। তাঁর বক্তব্য, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের যে কোনও বিমান বা হেলিকপ্টারকে মাঝপথেই আটকে দেওয়ার ক্ষমতা রাখে।
ইরানের বাঁধের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে আমেরিকা হামলা চালালেও তার পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর মতে, সাধারণ মানুষের ব্যবহারের গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে হামলা চালানো হলে সংঘাত আরও বিপজ্জনক হয়ে উঠবে এবং তার পরিণতি হবে ভয়াবহ।সবশেষে মোহেব্বি বলেন, সরাসরি যুদ্ধ বন্ধ থাকলেও যদি সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত থাকে, তা হলে সেই পরিস্থিতিকেও এক ধরনের চলমান যুদ্ধ হিসেবেই দেখা উচিত।