বন্ধুর ডাকে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না! ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ২৭ বছরের জিলানী মোল্লা ওরফে রাহুলকে খুনের অভিযোগ উঠল তাঁরই দুই বন্ধু শামীম মোল্লা ও রাকিবুল মোল্লার বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার আমিরা গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা
পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় দুই বন্ধু বাড়িতে এসে ডাকতেই তাঁদের সঙ্গে বেরিয়ে যান পেশায় দর্জি জিলানী। অভিযোগ, তোফা ও মাদপুর এলাকার কাছে তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মৃতের বাবা ইসমাইল মোল্লার অভিযোগ, অভিযুক্তদের কাছে তাঁর ছেলের এক লক্ষ টাকা পাওনা ছিল। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করেই খুন বলে সন্দেহ পরিবারের। ঘটনার পর থেকেই দুই অভিযুক্ত পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও গৌরব ঘোষ।