ভারতের মিস ইউনিভার্স জয়ের স্বপ্ন এ বারও অধরাই রয়ে গেল। ২০২৬ সালের মিস ইউনিভার্সের মুকুট উঠল পুয়ের্তো রিকোর জেনিফার বারেটোর মাথায়। চূড়ান্ত প্রতিযোগিতায় ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং ভেনেজুয়েলার ক্লারা গোয়েটজকে পিছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নিলেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ভারতের হয়ে এ বার প্রতিযোগিতায় ছিলেন কেরলের ১৯ বছরের কাজিয়া লিজ মেজো। আইন নিয়ে পড়াশোনা করা কাজিয়া দেশের প্রতিনিধিত্ব করলেও শীর্ষ ১২-তে জায়গা করে নিতে পারেননি। ফলে ইভনিং রাউন্ডে যাওয়ার আগেই শেষ হয়ে যায় তাঁর মিস ইউনিভার্স সফর।
কেরলের মাভেলিক্কারার মেয়ে কাজিয়ার বড় হয়ে ওঠা আবু ধাবিতে। সেখানেই এমিরেটস ন্যাশনাল স্কুল, সেন্ট জোসেফ স্কুল এবং আবু ধাবি ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করেছেন। বর্তমানে বেঙ্গালুরুতে আইন নিয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিংও করেন তিনি।

পড়াশোনা ও মডেলিংয়ের বাইরেও একাধিক গুণ রয়েছে কাজিয়ার। ১২ বছর ধরে শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন। গান গাওয়ার পাশাপাশি বেহালা ও ড্রামও বাজান। অভিনয় এবং জনসমক্ষে বক্তব্য রাখার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। মালয়ালম ছবি শ্যাইলক-এ অভিনয়ের মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি।
২০২৬ সালেই তাঁর মুকুট-জয়ের শুরু। প্রথমে মিস ইউনিভার্স কেরলের খেতাব জেতেন কাজিয়া। পরে ২৩ অগস্ট জয়পুরে ৫২ জন প্রতিযোগীকে পিছনে ফেলে মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব পান। তিনিই কেরল থেকে প্রথম মহিলা, যিনি এই জাতীয় খেতাব জিতেছিলেন।
এ বারের প্রতিযোগিতার আরও একটি বিশেষত্ব ছিল ৭৫তম বর্ষ। পুয়ের্তো রিকোর সান জুয়ানের জোসে মিগুয়েল আগ্রেলট কলোসিয়ামে বসেছিল গ্র্যান্ড ফিনালের আসর। বিশ্বের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। মেক্সিকোর বিদায়ী মিস ইউনিভার্স ফাতিমা বশ প্রতিযোগিতার শেষে নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন।

৭৫তম বর্ষ উপলক্ষে তৈরি হয়েছিল বিশেষ মুকুটও। জর্জ উইটেলসের নকশায় প্যারিসের গয়না সংস্থা মেসন ডি’অরের সহযোগিতায় তৈরি সেই মুকুটে রয়েছে ৩,১৫০টি হিরে এবং হোয়াইট গোল্ড।
ভারত এর আগে ১৯৯৪ সালে সুস্মিতা সেন, ২০০০ সালে লারা দত্ত এবং ২০২১ সালে হরনাজ সান্ধুর হাত ধরে মিস ইউনিভার্সের মুকুট পেয়েছে। এ বার সেই তালিকায় কাজিয়ার নাম যোগ হল না।