২৬/১১-র ১৮ বছর পরও পাকিস্তানে ‘জঙ্গি-যোগ’!

২৬/১১ মুম্বই হামলার ১৮ বছর পরও পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রকাশ্য উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। লস্কর-ই-তইবার (LeT) প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ছেলে তালহা সইদকে লাহৌরে রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে পাকিস্তানের বিরুদ্ধে ফের সরব হয়েছে ভারত। নয়াদিল্লির দীর্ঘদিনের অভিযোগ, পাকিস্তান জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং স্থায়ী পদক্ষেপ করতে ব্যর্থ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

তালহার রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠাবসার ছবি সামনে আসায় প্রশ্ন উঠেছে, জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কি পাকিস্তানে ক্রমশ মূলস্রোতের অংশ করে তোলা হচ্ছে? ভারত বরাবরই অভিযোগ করে এসেছে, লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ-সহ একাধিক ভারত-বিরোধী জঙ্গি সংগঠন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয়।

২৬/১১ হামলার নেপথ্যের ষড়যন্ত্রে যুক্ত একাধিক ব্যক্তির অবশ্য মৃত্যু হয়েছে। লস্করের প্রাক্তন ডেপুটি প্রধান তথা হাফিজের ভগ্নিপতি আবদুর রহমান মাক্কি ২০২৪ সালের ডিসেম্বরে লাহৌরে মারা যায়। আল-কায়দা নেতা ইলিয়াস কাশ্মীরিও ২০১১ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হয় বলে বিভিন্ন রিপোর্টে দাবি।

ভারতীয় তদন্তকারীরা ২৬/১১ মামলার ১০ অভিযুক্তের মধ্যে মাত্র দু’জনের নাগাল পেয়েছেন—ডেভিড কোলম্যান হেডলি এবং তাহাউর রানা। মার্কিন নাগরিক হেডলিকে ২০১১ সালে জেরা করেছিল এনআইএ। তবে তাঁকে ভারতের হাতে তুলে দেয়নি আমেরিকা।

অন্য দিকে, পাক-কানাডীয় নাগরিক তথা হেডলির শৈশবের বন্ধু তাহাউর রানাকে ২০২৫ সালের এপ্রিলে ভারতে প্রত্যর্পণ করা হয়। বর্তমানে তিহাড় জেলে রয়েছে সে। তার জেরার পর ২০২৫ সালের জুলাইয়ে অতিরিক্ত চার্জশিট জমা দেয় এনআইএ।

এনআইএর নথি অনুযায়ী, ২০০৬ সাল থেকেই ২৬/১১-র ষড়যন্ত্রে রানার যোগ ছিল। হামলার আগে ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সে ভারতে ছিল বলেও তদন্তে উঠে এসেছে।

এ দিকে, হামলার প্রশিক্ষণ ও পরিকল্পনার সঙ্গে যুক্ত আবু কাহাফা, আবু আলকামা, মুজাম্মিল, আবু আনাস ও আবু হামজা-সহ একাধিক অভিযুক্ত এখনও পাকিস্তানেই রয়েছে বলে মনে করা হয়। ফলে ২৬/১১-র ক্ষত ১৮ বছর পরও মুছে যায়নি, বরং পাকিস্তানের জঙ্গি-যোগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে তালহাকে ঘিরে এই বিতর্ক।