হিজাব মামলা: এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে ফের সরগরম দেশের শীর্ষ আদালত। এলাহাবাদ হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে করা মামলায় সুপ্রিম কোর্ট জবাব চাইল। একই সঙ্গে স্পষ্ট করে দিল, এলাহাবাদ হাই কোর্টের ওই রায়কে আপাতত কোনও ‘বাধ্যতামূলক নজির’ হিসেবে ধরা যাবে না। মামলাটি কর্নাটকের হিজাব-বিতর্ক সংক্রান্ত বিচারাধীন মামলার সঙ্গে একত্রে শোনার নির্দেশ দিয়েছে আদালত।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চ গত ২০ নভেম্বর এই নির্দেশ দেয়। মুসলিম মহিলাদের সংগঠন ‘মুসলিম উইমেন’স স্টাডি সার্কল’ এলাহাবাদ হাই কোর্টের ২০২৬ সালের ২১ অগস্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে।

মামলার সূত্রপাত প্রয়াগরাজের আতরসুইয়া এলাকার টেগোর পাবলিক স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে। সুহাইনা রিজভি নামে এক পড়ুয়া স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে মাথায় হিজাব পরার অনুমতি চেয়েছিলেন। স্কুল কর্তৃপক্ষ তাতে রাজি না হওয়ায় তাঁর ভর্তি হয়নি।

এর পর হাই কোর্টে মামলা করেন রিজভি। কিন্তু বিচারপতি জে জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লের বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে জানায়, ইসলামে হিজাব পরা ‘অপরিহার্য ধর্মীয় অনুশীলন’ নয়। কোনও শিক্ষাপ্রতিষ্ঠান যদি বৈষম্যহীন ভাবে অভিন্ন পোশাকবিধি চালু করে, তা হলে অতিরিক্ত পোশাক পরার অনুমতি দাবি করা যায় না বলেও জানিয়েছিল আদালত।

সুপ্রিম কোর্টে আবেদনকারী সংগঠনের দাবি, এই রায় মুসলিম মহিলাদের ধর্মীয় স্বাধীনতা এবং শিক্ষার অধিকারকে প্রভাবিত করছে। সংবিধানের ১৪, ১৫, ১৯(১)(এ), ২১ এবং ২৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে।

আবেদনকারীদের যুক্তি, কোরানের সুরা আন-নূর এবং সুরা আল-আহজাবের আয়াত হিজাবের পক্ষে নির্দেশ দেয়। তাই কেউ এই রীতি পালন না করলেই সেটিকে ‘অপরিহার্য নয়’ বলা যায় না।

কর্নাটকের হিজাব মামলাতেও ২০২২ সালে সুপ্রিম কোর্টে বিভক্ত রায় হয়েছিল। বিচারপতি হেমন্ত গুপ্ত আবেদন খারিজ করলেও বিচারপতি সুধাংশু ধুলিয়া হিজাব পরার পক্ষে রায় দিয়েছিলেন। মতপার্থক্যের জেরে মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়, যা এখনও বিচারাধীন। এবার সেই মামলার সঙ্গেই এলাহাবাদ মামলাটিও শুনবে শীর্ষ আদালত।