সীমান্তে হাসিনা-ঝড় আখাউড়ায়

একদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা! অন্যদিকে বাংলাদেশের মাটিতে তাঁকে ফেরানোর দাবি, আর সেই দাবিকে ঘিরেই এবার সীমান্তে নতুন রাজনৈতিক উত্তাপ! পেট্রাপোলের পর আগরতলা! বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ধারাবাহিক সীমান্ত সফর ঘিরে প্রশ্ন— তবে কি বাংলাদেশে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ? আর সেই খবর ছড়াতেই আখাউড়া সীমান্তে বিএনপির বিক্ষোভ! বিজিবির কড়া নজরদারি! ভারত-বাংলাদেশ সীমান্তে কি এবার তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ?

বিক্রম কর্মকার, নিজস্ব সংবাদদাতা

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা নতুন নয়। কিন্তু এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে ত্রিপুরার রাজধানী আগরতলায় আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার উপস্থিতি। সূত্রের খবর, বুধবার ২৫ নভেম্বর দুপুর নাগাদ আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এসে পৌঁছান আওয়ামী লীগের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। এই প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমসহ আরও কয়েকজন নেতা। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন অত্যন্ত স্পর্শকাতর, তখন আওয়ামী লীগের এই শীর্ষ নেতৃত্বের আগরতলায় উপস্থিতি স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কৌতুহল তৈরি করেছে। প্রশ্ন উঠছে, শুধুই রাজনৈতিক যোগাযোগ? নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও পরিকল্পনা?

আওয়ামী লীগ নেতাদের এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে এর আগের একটি ঘটনা। গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় গিয়েছিলেন আওয়ামী লীগের এই চার শীর্ষ নেতা। তারপর ২৫ নভেম্বর আগরতলা। অর্থাৎ, অল্প কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশের সঙ্গে ভারতের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি। পেট্রাপোল-বনগাঁ সীমান্ত হোক কিংবা আগরতলা-আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর— বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। আর এই ধারাবাহিক সীমান্ত সফর ঘিরেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশ প্রত্যাবর্তনের জন্য কি কোনও বিকল্প পথ খতিয়ে দেখা হচ্ছে? কোন সীমান্তপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করা সম্ভব, তা কি বোঝার চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতারা?

আগরতলায় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতির খবর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত এলাকায় পৌঁছাতেই সরব হয়ে ওঠে বিএনপি। আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর এলাকায় জমায়েত হতে শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। সীমান্তের অভিবাসন চেকপোস্ট সংলগ্ন বিজিবির বর্ডার আউটপোস্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, আওয়ামী লীগের কোনও নেতা বা কর্মী যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।
অর্থাৎ, আগরতলায় আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি আর বাংলাদেশের মাটিতে বিএনপির বিক্ষোভ— দুটি ঘটনা যেন একই সময়ে এসে মিশেছে সীমান্তের উত্তেজনায়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে যে প্রবল বিরোধিতা রয়েছে, আখাউড়ার এই বিক্ষোভ যেন তারই প্রতিফলন।

এই ঘটনায় আরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তাঁর অভিযোগ, জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বাধীন একটি দল আগরতলায় অবস্থান করছে। আর সীমান্তের কোনও পথ ব্যবহার করে তাঁরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। সিরাজুল ইসলামের দাবি, দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনও প্রচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে প্রবেশের কোনও চেষ্টা করেছেন, এমন নিশ্চিত তথ্যও এখনও সামনে আসেনি। কিন্তু অভিযোগ আর পাল্টা রাজনৈতিক অবস্থানের মধ্যেই সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ছে।

আখাউড়া সীমান্তে বিক্ষোভের পর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর খবর সামনে এসেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নজর এখন আন্তর্জাতিক স্থলবন্দর ও সংলগ্ন এলাকায়। এমনিতেই ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয় নিয়ে দুই দেশের নজরদারি থাকে। তার উপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সীমান্ত সফর—সব মিলিয়ে বাড়তি সতর্কতা স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে সীমান্তে নিরাপত্তা বাড়ানো মানেই যে কোনও প্রত্যাবর্তন পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, এমনটা বলা যায় না। এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সীমান্তপথ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা নেই।

এবার সবচেয়ে বড় প্রশ্ন— শেখ হাসিনা কি সত্যিই বাংলাদেশে ফিরতে পারবেন? বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, বাংলাদেশের ক্ষমতার সমীকরণ এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলির অবস্থান। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সীমান্ত সফরকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছে, তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু রাজনৈতিক জল্পনা আর বাস্তব সিদ্ধান্তের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলির বরাতে জানিয়েছে যে তিনি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং বাংলাদেশ সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ও প্রয়োজনীয় নথিপত্রের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। অন্যদিকে ঢাকা জানিয়েছে যে কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফেরানো হতে পারে। তবে এখনই বলা সম্ভব নয়, আগরতলা-আখাউড়া সীমান্তই শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাব্য পথ কিনা।

পেট্রাপোলের পর আগরতলা! আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সীমান্ত সফর ঘিরে জল্পনা, আখাউড়ায় বিএনপির বিক্ষোভ, আর বিজিবির নজরদারি— সব মিলিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন রাজনৈতিক উত্তাপ। শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ কি সত্যিই খোঁজা হচ্ছে? নাকি সীমান্ত সফরকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন জল্পনা? উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একটা বিষয় পরিষ্কার— বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্ন এখনও অত্যন্ত স্পর্শকাতর। আর সেই প্রশ্নের আঁচ এবার এসে পড়েছে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তেও।