৩০ নভেম্বর লোকসভা, আর ২ ডিসেম্বর রাজ্যসভা। সংসদের বিশেষ অধিবেশন ঘিরে এখন জাতীয় রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন এই অধিবেশনেই কি লোকসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত বিল পাশ করাতে চলেছে মোদী সরকার? আর যদি সত্যিই এই বিল সংসদে ওঠে, তাহলে সরকার কি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে পারবে?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
কারণ, এখানে শুধু বিল পেশ করাই নয়, আসল চ্যালেঞ্জ হচ্ছে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় ভোটের অঙ্ক মেলানো। এনডিএ-র হাতে কতজন সাংসদ রয়েছেন, বিরোধী শিবিরের কতজনকে পাশে পাওয়া সম্ভব, আর আগেরবার যে রাজনৈতিক বাধার মুখে পড়েছিল কেন্দ্র, এবার সেই বাধা কাটানোর কোনও নতুন কৌশল কি তৈরি হয়েছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজব এই প্রতিবেদনে।
প্রথমেই জেনে নেওয়া যাক, ঠিক কী হতে চলেছে সংসদে? কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন পুনরায় বসানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। অধিবেশন ৩ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে সংসদের আলোচ্যসূচি প্রকাশ করেনি, কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা এবার ফের সংসদে আনা হতে পারে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল, ২০২৬। এই বিলের সঙ্গে জুড়ে রয়েছে ডিলিমিটেশন এবং মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রশ্ন।
ডিলিমিটেশন কী? সহজ ভাষায়, জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে লোকসভা ও বিধানসভার নির্বাচনী কেন্দ্রের সীমানা এবং আসন বণ্টনের পুনর্বিন্যাসই হল ডিলিমিটেশন। প্রস্তাবিত পরিকল্পনায় লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে ৮৫০ করার কথা রয়েছে। রাজ্যগুলির জন্য সর্বোচ্চ ৮১৫টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের সম্ভাবনাও রয়েছে।
এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই বিল পাশ করাতে কত ভোট লাগবে? লোকসভায় ভোটের অঙ্ক-সংবিধানের ৩৬৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধান সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজন বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। অর্থাৎ, ভোটদানে অংশ নেওয়া সাংসদদের অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন লাগবে। পাশাপাশি, লোকসভার মোট সদস্যসংখ্যার অর্ধেকের বেশি সমর্থনও প্রয়োজন।
বর্তমানে লোকসভার অনুমোদিত আসনসংখ্যা ৫৪৩। তিনটি আসন খালি থাকায় কার্যকর সদস্যসংখ্যা ৫৪০। ফলে ৫৪০ জন সাংসদই যদি ভোট দেন, তাহলে বিল পাশ করাতে প্রয়োজন হবে ৩৬০টি ভোট। আর এখানেই আটকে যাচ্ছে মোদী সরকারের অঙ্ক। কারণ, বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র লোকসভায় সাংসদ সংখ্যা ৩২০। অর্থাৎ, প্রত্যেক সাংসদ ভোট দিলে প্রয়োজনীয় ৩৬০ ভোটের তুলনায় ৪০টি ভোট কম রয়েছে সরকারের হাতে। বিজেপির নিজের সাংসদ সংখ্যা ২৪১। বাকি ৭৯ জন জোটসঙ্গী দলের সাংসদ। তাহলে প্রশ্ন, এই ৪০টি ভোট কোথা থেকে জোগাড় করবে কেন্দ্র?
এখানেই সামনে আসছে কয়েকটি আঞ্চলিক দলের নাম। বিশেষ করে ডিএমকে, শরদ পওয়ারের এনসিপি এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টি। লোকসভায় ডিএমকের ২২ জন সাংসদ। শরদ পওয়ারের এনসিপির ৮ জন। আর ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ সংখ্যা ৪। অর্থাৎ, এই তিনটি দলের সমর্থন পেলে এনডিএ-র ৩২০-এর সঙ্গে আরও ৩৪টি ভোট যোগ হতে পারে। মোট সংখ্যা দাঁড়াবে ৩৫৪। কিন্তু তাতেও ৩৬০-এর লক্ষ্যে পৌঁছতে আরও ৬টি ভোটের প্রয়োজন। অর্থাৎ, তিনটি দলকে পাশে পেলেও সরকারের কাজ পুরোপুরি শেষ হচ্ছে না।
এবার আসা যাক দ্বিতীয় অঙ্কে। ধরা যাক, ডিএমকে এই বিলের বিরোধিতা করল না, কিন্তু ভোটদান থেকে বিরত থাকল। অন্যদিকে, শরদ পওয়ারের এনসিপি এবং ওয়াইএসআর কংগ্রেস সরকারকে সমর্থন করল। সেক্ষেত্রে এনডিএ-র ৩২০-এর সঙ্গে ৮ এবং ৪ যোগ হয়ে সরকারের পক্ষে ভোট দাঁড়াবে ৩৩২।
অন্যদিকে, ডিএমকের ২২ জন সাংসদ ভোট না দিলে ভোটদানে অংশ নেওয়া সাংসদের সংখ্যা কমে দাঁড়াতে পারে ৫১৮। তখন দুই তৃতীয়াংশের অঙ্ক হবে ৩৪৬। অর্থাৎ, এই পরিস্থিতিতেও সরকারের আরও ১৪টি ভোট প্রয়োজন। আবার যদি ডিএমকে এবং শরদ পওয়ারের এনসিপি দুই দলই ভোটদান থেকে বিরত থাকে এবং ওয়াইএসআর কংগ্রেস সরকারকে সমর্থন করে, তাহলে এনডিএ-র পক্ষে ভোট দাঁড়াতে পারে ৩২৪। ভোটদানে অংশ নেওয়া সদস্যের সংখ্যা কমে ৫১০ হলে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ হবে ৩৪০। সেক্ষেত্রেও সরকারের ঘাটতি থাকবে ১৬টি ভোটের।
অর্থাৎ, শুধু বিরোধী সাংসদদের অনুপস্থিতি বা ভোটদান থেকে বিরত থাকা দিয়ে কেন্দ্রের কাজ পুরোপুরি মিটছে না। শেষ পর্যন্ত আরও সাংসদের সমর্থন প্রয়োজন হতে পারে। এবার ফিরে দেখা যাক, আগেরবার ঠিক কী হয়েছিল? চলতি বছরের ১৭ এপ্রিল লোকসভায় এই সংবিধান সংশোধনী বিল পেশ করেছিল কেন্দ্র। দু’দিন ধরে আলোচনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য সবকিছুর পরেও ভোটাভুটিতে পাশ করানো যায়নি বিল।
সেদিন মোট ৫২৮ জন সাংসদ ভোট দিয়েছিলেন। বিলের পক্ষে ভোট পড়ে ২৯৮টি, বিপক্ষে ২৩০টি। অথচ প্রয়োজন ছিল ৩৫২টি ভোট। অর্থাৎ, ৫৪টি ভোটের ব্যবধানে হেরে যায় কেন্দ্রের প্রস্তাব। আর সংবিধান সংশোধনী বিলটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, এর সঙ্গে যুক্ত ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত বিলও আর এগোয়নি।
কেন বিরোধিতা করেছিল বিরোধীরা? বিরোধীদের মূল আপত্তি ছিল, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বিষয়টিকে ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করে কেন্দ্র আসলে দেশের নির্বাচনী মানচিত্র বদলাতে চাইছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলির আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে নতুন করে আসন বণ্টন হলে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলি রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে।বিরোধীদের আরও অভিযোগ ছিল, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে ডিলিমিটেশন হলে বর্তমান জনসংখ্যার বাস্তব ছবি প্রতিফলিত হবে না। অন্যদিকে, কেন্দ্রের যুক্তি লোকসভার আসন বাড়ানো এবং মহিলাদের সংরক্ষণ কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
এবার পরিস্থিতি কিছুটা বদলেছে। আর সেই বদলই কেন্দ্রের নতুন আশার জায়গা। বিরোধী শিবির থেকে ২০ জন তৃণমূল সাংসদ বেরিয়ে ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI-তে যোগ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি, শিবসেনা উদ্ধব গোষ্ঠীর ৬ জন সাংসদ একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিয়েছেন। অর্থাৎ, মোট ২৬ জন সাংসদের রাজনৈতিক অবস্থান বদলেছে। এই সাংসদদের সমর্থন সরকারের পক্ষে ভোটের অঙ্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে এই ২৬ জনের সমর্থন মিললেই যে বিল পাশ হয়ে যাবে, তা নয়। কারণ, বর্তমান ৩২০ জনের এনডিএ-র হিসেবের মধ্যেই এই পরিবর্তিত রাজনৈতিক অবস্থানের প্রতিফলন রয়েছে। ফলে নতুন করে ২৬ জনকে যোগ করে ৩৪৬ বা ৩৬০-এর অঙ্ক দেখানো যাবে না। সরকারকে এখন আরও সমর্থন জোগাড় করতে হবে। এদিকে, ডিএমকে-র অবস্থানও গুরুত্বপূর্ণ। দলটির বক্তব্য, তামিলনাড়ুর বর্তমান সংসদীয় প্রতিনিধিত্বের অংশ সুরক্ষিত রাখার নিশ্চয়তা থাকলে তারা প্রস্তাব বিবেচনা করতে পারে। শরদ পওয়ারের এনসিপিও জানিয়েছে, বিলের খসড়া দেখে তারা সিদ্ধান্ত নেবে। ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পাওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে।
কেন্দ্রের তরফে রাজ্যগুলির আসন ৫০ শতাংশ বাড়ানোর মতো একটি ফর্মুলা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। অর্থাৎ, প্রত্যেক রাজ্যের বর্তমান আসনসংখ্যা বাড়িয়ে দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা দূর করার চেষ্টা হতে পারে। কিন্তু এই ফর্মুলা চূড়ান্ত বিলের মধ্যে কীভাবে আসবে, সেটাই এখন বড় প্রশ্ন। আর একটি বিষয় মাথায় রাখা জরুরি। লোকসভায় বিল পাশ করালেই কিন্তু গোটা প্রক্রিয়া শেষ হবে না। সংবিধান সংশোধনী বিলকে রাজ্যসভাতেও প্রয়োজনীয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। তাই দুই কক্ষেই ভোটের অঙ্ক মেলানো কেন্দ্রের কাছে বড় পরীক্ষা। সব মিলিয়ে ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশন শুধু একটি বিল পাশের লড়াই নয়। এটি মোদি সরকারের রাজনৈতিক শক্তি, বিরোধী ঐক্য এবং আঞ্চলিক দলগুলির দর-কষাকষির ক্ষমতারও পরীক্ষা।