দৈনন্দিন জীবনের মানসিক চাপ, আর্থিক অনটন, সামাজিক পরিস্থিতি এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে শরীরে দীর্ঘদিন ধরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি হতে পারে। আর এই প্রদাহের প্রভাব পড়তে পারে হৃদযন্ত্রের উপর। এমনকী, হার্টের অসুখের কোনও লক্ষণ প্রকাশ পাওয়ার বহু বছর আগেই ধীরে ধীরে ক্ষতি হতে পারে হৃদযন্ত্রের। প্রায় ৪ লক্ষ ৮০ হাজার ব্রিটিশ নাগরিকের উপর করা একটি বড় গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের শরীরে প্রদাহের মাত্রা সবচেয়ে বেশি, তাঁদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে কম প্রদাহ থাকা ব্যক্তিদের তুলনায় ৪৩ শতাংশ বেশি।MRC ল্যাবরেটরি অফ মেডিক্যাল সায়েন্সেস (LMS) এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা এই সমীক্ষা চালিয়েছেন। গবেষণার জন্য ব্রিটেনের UK Biobank-এর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি রক্তের একটি বিশেষ উপাদান, হার্টের ছবি এবং জিনগত তথ্যও পরীক্ষা করা হয়েছে। রক্তে প্রদাহের মাত্রা বোঝার জন্য Glycoprotein Acetyls (GlycA) নামের একটি বিশেষ সূচক ব্যবহার করেন গবেষকরা। তাঁদের দাবি, এই ধরনের গবেষণার মধ্যে এটিই সবচেয়ে বড়। গবেষণায় দেখা গিয়েছে, শরীরে প্রদাহের মাত্রা বেশি থাকলে হৃদযন্ত্রের গঠনেও বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। যেমন, হার্টের দেওয়াল মোটা হয়ে যাওয়া, হার্টের প্রকোষ্ঠগুলি ছোট হয়ে আসা এবং ঠিকমতো রক্ত ভরতে না পারা। এই পরিবর্তনগুলি দীর্ঘদিন ধরে ধীরে ধীরে হতে পারে। প্রথম দিকে কোনও লক্ষণ বোঝা যায় না। কিন্তু পরবর্তী সময়ে তা হার্ট ফেলিওরের কারণ হয়ে উঠতে পারে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক এবং MRC ল্যাবরেটরি অফ মেডিক্যাল সায়েন্সেসের কম্পিউটেশনাল কার্ডিয়াক ইমেজিং গ্রুপের প্রধান ডেকলান ও’রেগান বলেন, “আমাদের এই গবেষণায় ইঙ্গিত মিলেছে, লক্ষ লক্ষ মানুষ নিজেদের অজান্তেই শরীরে দীর্ঘদিন ধরে প্রদাহ নিয়ে বেঁচে রয়েছেন। এই প্রদাহ ধীরে ধীরে তাঁদের হৃদযন্ত্রের গঠন বদলে দিচ্ছে এবং দীর্ঘমেয়াদি ক্ষতি করছে। এর ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ছে।” তিনি আরও জানান, দীর্ঘস্থায়ী প্রদাহের পিছনে একাধিক কারণ রয়েছে। জীবনযাপনের ধরন, আর্থিক অবস্থা, পারিবারিক স্বাস্থ্যের ইতিহাস এবং আশপাশের পরিবেশ—সবকিছুরই প্রভাব পড়তে পারে শরীরে প্রদাহের মাত্রার উপর।
গবেষণায় দেখা গিয়েছে, ধূমপান এবং শরীরে অতিরিক্ত মেদ জমার মতো পরিচিত ঝুঁকির পাশাপাশি আর্থিক অনটন, সামাজিক অসুবিধা এবং মানসিক চাপের সঙ্গেও প্রদাহের গভীর সম্পর্ক রয়েছে। গবেষকদের মতে, দারিদ্র্য, মানসিক স্বাস্থ্যের সমস্যা এবং প্রতিদিনের নানা চাপ শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করতে পারে। এই প্রদাহই পরবর্তী সময়ে হৃদরোগের ঝুঁকি বাড়ানোর অন্যতম কারণ হয়ে উঠতে পারে।
ডেকলান ও’রেগান বলেন, “এই গবেষণায় সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, সামাজিক পরিস্থিতি এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে শরীরের প্রদাহ ও হৃদযন্ত্রের ক্ষতির এতটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ধূমপান এবং শারীরিক নিষ্ক্রিয়তার মতো পরিচিত কারণগুলির পাশাপাশি এগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” গবেষণায় জিনগত প্রভাবের কথাও উঠে এসেছে। অর্থাৎ, কিছু মানুষের শরীর স্বাভাবিকভাবেই প্রদাহের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারে। আবার কারও ক্ষেত্রে জিনগত কারণেই এই ক্ষতির আশঙ্কা বেশি থাকে।
কী এই দীর্ঘস্থায়ী প্রদাহ/ Chronic Inflammation?
দীর্ঘস্থায়ী প্রদাহ বা Chronic Inflammation হল এমন একটি অবস্থা, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দীর্ঘদিন ধরে সামান্য মাত্রায় সক্রিয় থাকে। সাধারণত শরীরে কোনও সংক্রমণ বা আঘাত লাগলে রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রদাহ তৈরি করে। এটি শরীরের স্বাভাবিক সুস্থ হওয়ার প্রক্রিয়ার অংশ। কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রদাহ চলতে থাকলে তা শরীরের ক্ষতি করতে পারে। ক্যানসার, ডায়াবিটিস এবং হৃদরোগের মতো বিভিন্ন অসুখের সঙ্গেও এর যোগসূত্র পাওয়া গিয়েছে।
গবেষণায় আরও দেখা গিয়েছে, শরীরের প্রদাহের সঙ্গে যুক্ত ইন্টারলিউকিন-১ (Interleukin-1) এবং TNF পরিবারের কয়েকটি প্রোটিন হৃদযন্ত্রের ক্ষতির জন্য দায়ী হতে পারে। এই প্রোটিনগুলিকে লক্ষ্য করে ইতিমধ্যেই কয়েকটি ওষুধ নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। গবেষকদের আশা, ভবিষ্যতে প্রদাহ কমানোর ওষুধ ব্যবহার করে হার্টের অসুখের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই তা প্রতিরোধ করা সম্ভব হতে পারে। গবেষকদের মতে, রক্ত পরীক্ষার মাধ্যমে প্রদাহের মাত্রা নির্ণয় এবং জিনগত ঝুঁকি যাচাই—এই দুই পদ্ধতি একসঙ্গে ব্যবহার করলে আগে থেকেই চিহ্নিত করা সম্ভব হতে পারে কারা হৃদরোগের বেশি ঝুঁকিতে রয়েছেন।