২৬/১১-র জঙ্গি হাফিজের সঙ্গে অভিনেতার ছবি ঘিরে তুমুল বিতর্ক

নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘Jo Bachay Hain Sang Samait Lo’ ঘিরে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। এক দিকে ভারতে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার না করার জন্য কেন্দ্রের তরফে নেটফ্লিক্সকে পুরনো নির্দেশিকার কথা মনে করানো হয়েছে। অন্য দিকে, সিরিজের অন্যতম অভিনেতা হামজা আলি আব্বাসির সঙ্গে ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের একটি পুরনো ছবি নতুন করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা নিয়েই নেটফ্লিক্সের বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলেছেন নেটাগরিকদের একাংশ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

২০১৭ সালে হাফিজের সঙ্গে সেলফি পোস্ট করেছিলেন আব্বাসি। পোস্টে তাঁকে ‘খুব ভাল মানুষ’ এবং পাকিস্তানের ‘সবচেয়ে ভুল বোঝা ব্যক্তি’ বলেও উল্লেখ করেছিলেন অভিনেতা। বর্তমানে আব্বাসির এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক থাকলেও সেই পুরনো পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

এর পরেই প্রশ্ন উঠেছে, নেটফ্লিক্স কী ভাবে এমন এক অভিনেতাকে নিজেদের পাকিস্তানি অরিজিনাল সিরিজের অন্যতম মুখ করেছে? ভারতীয় নেটাগরিকদের পাশাপাশি পাকিস্তানেরও কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী আব্বাসির পুরনো মন্তব্যের সমালোচনা করেছেন। পাকিস্তানি আইনজীবী ও লেখক মুনিব কাদিরও বলেছেন, হাফিজ সইদের মতো আন্তর্জাতিক ভাবে চিহ্নিত জঙ্গির সঙ্গে ছবি এবং তাঁকে প্রশংসা করার বিষয়ে আব্বাসির ‘ব্যাখ্যা ও ক্ষমা চাওয়া’ উচিত।

‘Jo Bachay Hain Sang Samait Lo’ মূলত ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি প্রেমের কাহিনি। সিরিজে রয়েছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সইদ, আহাদ রাজা মির, হানিয়া আমির, হামজা আলি আব্বাসি-সহ একাধিক পরিচিত পাকিস্তানি অভিনেতা। পাকিস্তান, ইতালি ও ব্রিটেনে শুটিং হয়েছে সিরিজটির। আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তির কথা।

এদিকে কেন্দ্রও নেটফ্লিক্সকে সতর্ক করেছে। ২০২৫ সালের ৮ মে-র নির্দেশিকা মেনে ভারতে পাকিস্তানি উৎসের কনটেন্ট না দেখানোর কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলার পর জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ওই নির্দেশিকা জারি হয়েছিল। ফলে মুক্তির আগেই সিরিজটি ঘিরে বিতর্ক এখন পৌঁছে গিয়েছে নেটফ্লিক্সের দরজায়।