‘মহিলাদের সংরক্ষণ আটকাতে পারবে না বিরোধীরা’, হুঙ্কার মোদীর

মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করার পথে যে কোনও বাধা অতিক্রম করা হবে। বিরোধীরা যতই আপত্তি তুলুন, মহিলা সংরক্ষণ বন্ধ করতে পারবেন না তাঁরা। শনিবার এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, দেশের ‘নারীশক্তি’র কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তাঁর সরকার বদ্ধপরিকর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এক্স-এ একটি ভিডিয়ো পোস্ট করে মোদী বলেন, ‘‘মহিলাদের সংরক্ষণ নিয়ে আমি দীর্ঘ দিন ধরে লড়াই করছি। বহু মহিলা বছরের পর বছর এই দাবি জানিয়েছেন। দেশের সমস্ত মহিলার আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। সংরক্ষণ কার্যকর করার পথে যত বাধাই আসুক, আমরা তা অতিক্রম করব। যে দলগুলি এর বিরোধিতা করছে, তারা কখনও মহিলা সংরক্ষণ বিল আটকাতে পারবে না।’’

মোদীর এই মন্তব্যের পরেই বিষয়টি নিয়ে আরও জোরালো সুর শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। তাঁর দাবি, মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন ঐতিহাসিক পদক্ষেপ। শুক্রবার মন্ত্রিসভা ১৩২তম সংবিধান সংশোধনী বিল অনুমোদন করেছে। শাহ বলেন, এর ফলে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের দীর্ঘ প্রতীক্ষা এ বার শেষের পথে।

শাহের বক্তব্য, বিধানসভায় অন্তত এক-তৃতীয়াংশ মহিলা সদস্য থাকলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নীতি নির্ধারণ আরও অন্তর্ভুক্তিমূলক হবে। একই ভাবে লোকসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়লে আইন প্রণয়ন এবং জাতীয় নীতি নির্ধারণেও নতুন মাত্রা যোগ হবে। এই উদ্যোগে সব রাজনৈতিক দলকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এ দিকে ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনেই ডিলিমিটেশন (সেকেন্ড) বিল, ২০২৬ পেশ করার প্রস্তুতি নিয়েছে কেন্দ্র। প্রস্তাবিত আইনে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসন এবং বিধানসভা আসনের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিশেষ বিধান রাখা হয়েছে।

এই ডিলিমিটেশন প্রক্রিয়ার সঙ্গেই মহিলা সংরক্ষণের বিষয়টিকেও যুক্ত করা হয়েছে। ফলে বিশেষ অধিবেশন ঘিরে কেন্দ্র বনাম বিরোধীদের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। তবে মোদীর বার্তা স্পষ্ট—বিরোধিতা থাকলেও মহিলা সংরক্ষণ বাস্তবায়নের পথে পিছু হটবে না কেন্দ্র।