সংসদের বিশেষ অধিবেশন ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিলকে সামনে রেখে সোমবার থেকে তিন দিনের বিশেষ অধিবেশনে বসতে চলেছে সংসদ। এই অধিবেশনে বিলগুলি পাশ করাতে তৎপর এনডিএ সরকার। অন্য দিকে, প্রস্তাবিত বিলের বিরোধিতায় বিরোধী শিবিরও নিজেদের ঘুঁটি সাজাচ্ছে। এই আবহেই তৃণমূলের সাংসদদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করলেন লোকসভায় দলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
তাৎপর্যপূর্ণ ভাবে, দল ছেড়ে বেরিয়ে যাওয়া সাংসদদেরও নিজেদের সদস্য বলেই দাবি করলেন তিনি।তৃণমূলের অন্দরে এখন সাংসদদের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এক দিকে দলের সঙ্গে দূরত্ব তৈরি করে বেরিয়ে গিয়েছেন ২০ জন সাংসদ, অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন আট জন। তবে কালীঘাটের শিবিরের দাবি, সংসদের নথিতে এখনও ওই ২০ জন তৃণমূল সাংসদ হিসাবেই নথিভুক্ত। ফলে দলের মোট ২৮ জন সাংসদকেই নিজেদের শক্তি হিসাবে ধরছে তৃণমূল।রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে অভিষেক বলেন, যাঁরা নিজেদের অন্য দলের সাংসদ বলে দাবি করছেন, সংসদের রেকর্ড এবং বুলেটিনে তাঁরা এখনও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য। তাঁর বক্তব্য, গত অধিবেশনেও এনসিপিআইয়ের দুই সাংসদের নামের পাশে এআইটিসি লেখা ছিল।এ দিন সাংসদদের ভয় দেখানোর অভিযোগও তুলেছেন অভিষেক। তাঁর দাবি, তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাঁকেও অন্যদেরও হুমকি দেওয়া হচ্ছে। দিল্লি গেলে পরিণতি ভাল হবে না বলেও ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। অভিষেকের প্রশ্ন, এ ভাবেই কি আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর চেষ্টা চলছে?উল্লেখ্য, শনিবার জারি করা হুইপে আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে সমস্ত তৃণমূল সাংসদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কোনও কারণেই অনুপস্থিতি বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে। দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডেড থাকায় অভিষেকই এই হুইপ জারি করেছেন। ফলে বিশেষ অধিবেশনের আগে তৃণমূলের সাংসদ সংখ্যা এবং দলীয় স্বীকৃতি নিয়ে নতুন করে রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে।