রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের আগে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নিজের ‘বিশেষ সম্পর্কের’ কথা তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চিনের শেনঝেনে ৩৩তম এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে আমেরিকা ও চিনের সম্পর্ক আগামী দিনেও ভালো থাকবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
শি জিনপিংকে নিজের বন্ধু বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, তাঁদের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। যতদিন তাঁরা দু’জনে নিজ নিজ দেশের নেতৃত্বে থাকবেন, ততদিন দুই দেশের মধ্যে কোনও সমস্যা হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমেরিকা ও চিনের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে ট্রাম্প বলেন, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সমস্যা থেকে শুরু করে বিশ্বশান্তি বিভিন্ন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দুই দেশের। তাঁর দাবি, এমন অনেক কাজ রয়েছে যা আমেরিকা ও চিন একসঙ্গে করতে পারে, অন্য কোনও দেশের পক্ষে তা সম্ভব নয়।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, গত দেড় বছরে অর্থনৈতিক সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। গত মে মাসে বেজিং সফরের সময় ‘বোর্ড অফ ট্রেড’ নামে একটি ব্যবস্থা চালু করা হয়। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যের ভারসাম্য আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তাঁর কথায়, আগে চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক একপেশে ছিল।
বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহের নিরাপত্তা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও আলোচনা হয়। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকে এবং ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা আমেরিকা ও চিন দুই দেশেরই স্বার্থের বিষয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও নিজেদের অবস্থানের কথা জানান ট্রাম্প। তাঁর দাবি, দুই দেশই এই যুদ্ধ বন্ধ করতে চায়। এই সংঘাতে প্রতি মাসে প্রায় ২৫ হাজার মানুষের মৃত্যু হচ্ছে বলেও জানান তিনি। মৃতদের বেশিরভাগই সেনা বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।
এদিনের বৈঠকের পর পুতিনও আলোচনায় যোগ দেবেন বলে ইঙ্গিত দেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আগেই সংক্ষিপ্ত কথা হয়েছে বলেও জানান তিনি। তিন রাষ্ট্রপ্রধানের সম্ভাব্য বৈঠকে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান সংঘাত, আন্তর্জাতিক বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে।