বন্যাদুর্গতদের সাহায্যের জন্য ১ লক্ষ টাকার আর্থিক অনুদান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।
ঋক পুরকায়স্থ, সাংবাদিক: উত্তরবঙ্গের দুর্যোগে বন্যা বিপর্যস্ত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ছুটে গিয়েছেন। আর্থিক সাহায্যের কথাও জানিয়েছে রাজ্য সরকার। তবে এবার সেই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

রাজ্য সরকারের ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা অর্থ সাহায্য দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর্থিক সাহায্যের পর নিজের স্যোশাল মিডিয়াতে সেই কথা জানিয়ে তিনি রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ বা ডাব্লিউবিএসএমডিএ-র পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এরই পাশাপাশি এই বিপর্যয়কে ম্যানমেড বলেও চিহ্নিত করেছেন তিনি।

স্যোশাল মিডিয়াতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধসের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির বেশ কিছু অংশ ধ্বংস হয়ে গেছে, যার ফলে প্রচুর দুর্ভোগ এবং সাধারণ মানুষের জীবন জীবিকা এবং সম্পত্তির মারাত্মক ক্ষতি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার সকলের কাছে পশ্চিমবঙ্গ দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ বা ডাব্লিউবিএসএমডিএ-র তহবিলে তাৎক্ষণিক উদ্ধার, ত্রাণ এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রচেষ্টায় সহায়তা করার জন্য আবেদন জানিয়েছে। আমার রাজ্যের জনগণের সাথে সংহতি প্রকাশ করে, আমি WBSDMA তহবিলে ১ লক্ষ টাকা অনুদান দিয়েছি।

তিনি এই দুর্যোগ পরিস্থিতিকে ম্যানমেড আখ্যা দিয়ে বলেছেন, এই কঠিন সময়ে, প্রতিটি কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যানমেড দুর্যোগে যেসকল মানুষ তাদের সবকিছু হারিয়েছেন, যারা তাদের বাসস্থান সহ কৃষিজমি হারিয়ে সর্বহারা হয়েছেন, আপনারা তাদের পাশে দাঁড়ান।

রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনী দুর্যোগ কবলিত বিভিন্ন জায়গায় ত্রাণ সরবরাহ করছেন। বরিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আবারও ছুটে গিয়েছেন। বিভিন্ন জয়গা পরিদর্শন করছেন তিনি। প্রশাসনিক বৈঠকও করছেন। তবে উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্তদের এই সময় পাশে থাকার বার্তাও দিচ্ছে রাজ্য সরকার। সাধারণ মানুষকে এগিয়ে আসার কথাও তিনি বলেছেন। আর সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ টাকার আর্থিক অনুদান দিয়ে বললেন, মানবিক ভাবে এই পরিস্থিতির মেকাবিলা প্রয়োজন। এই ভায়বহ ম্যানমেড পরিস্থিতিতে আমাদের সাধারণ মানুষের পাশে থাকা উচিত। এই পরিস্থিতিতে কেউ যদি রাজ্য সরকারের ত্রাণ তহবিলে অর্থ সাহায্য পাঠাতে চান, তারও পন্থা বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- https://rplus.in/mamata-banerjee-visits-flood-landslide-affected-areas-in-nagrakata/