নাগরাকাটা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন চাকরির নিয়োগপত্র

সুপ্রিয় বসাক, নিজস্ব সংবাদদাতা: বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্যোগের পরেই উত্তরবঙ্গ ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও কয়েকদিনের ব্যবধানে উত্তরবঙ্গ ছুটে গেলেন মুখ্যমন্ত্রী। দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই রবিবার উত্তরবঙ্গ গেলেন। সোমবার নাগরাকাটায় মৃত পরিবারদের একজন করে সদস্যের হাতে স্পেশাল হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। এছাড়াও মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও সোমবার নাগরাকাটা থেকে মুখ্যমন্ত্রী জানান দুর্যোগে যাদের নথি নষ্ট হয়েছে তাদের ডুপ্লিকেট কপি তৈরি করে দেওয়া হবে।

দুর্যোগের পরের দিনই উত্তরবঙ্গ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ত্রাণ শিবিরগুলিতে গিয়ে দেখা করেছিলেন বন্যায় বিপর্যস্তদের পরিবারের সঙ্গে। ছুটে গিয়েছিলেন বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায়। সেইসময় তিনি জানিয়েছিলেন কিছুদিন পর আবারও তিনি উত্তরবঙ্গ যাবেন। সেই মতোই রবিবার উত্তরবঙ্গ গেলেন তিনি। রবিবারই হাসিমারার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সোমবার নাগরাকাটায় মৃতদের পরিবারের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র সহ ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি পূরণ দেওয়া হয়। এছাড়া মুখ্যমন্ত্রী বলেন, দুর্যোগে যাদের বাড়িঘর ভেঙেছে, শীঘ্রই তা মেরামত করে দেওয়া হবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, যাদের মাথার ওপর ছাদ নেই তাদের বাড়িঘর বানিয়ে দেওয়া হবে। পাশাপাশি যাদের বিভিন্ন নথি নষ্ট হয়ে গিয়েছে তার ডুবলিকেট কপি দ্রুততার সহ্গে বানিয়ে দেবে রাজ্য সরকার। নথি তৈরি করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয়েছে। এছাড়াও ভুটানকে তীব্র আক্রমণ করেন তিনি। তিনি বলেন, ভুটানের জলেই উত্তরবঙ্গে এত দুর্ঘটনা ঘটেছে। ওদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।

নাগরাকাটা থেকে বেরিয়ে মেটেলিতে ধূপগুড়ির বিধায়ক নির্মল রায়ের কাছে ধূপগুড়ি জন্যে বরাদ্দ ত্রাণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী। সেই ত্রাণ ধূপগুড়িতে এনে আলোচনার মাধ্যমে বিলি করবে বলে জানালেন নির্মল রায়। নাগরাকাটার পর ধূপগুড়িতেই মুখ্যমন্ত্রী আসার কথা ছিল। সেই অনুযায়ী প্রশাসনিক প্রস্তুতিও আগে থেকে সেরে নেওয়া হয়েছিল। কিন্তু নাগরাকাটা থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে মেটেলিতে বিধায়ক নির্মল রায়ের কাছে ত্রাণের ব্যাপারে বুঝিয়ে দিয়ে কার্শিয়াং চলে যান। আগামীকাল মিরিক যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নাগরাকাটার টন্ডু, বামনডাঙা এলাকায় গিয়ে বন্যা বিধ্বস্তদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পায়ে হেঁটে গিয় পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি বন্যা দুর্গতদের সমস্যার কথাও শুনতেন তিনি। বন্যা বিধ্বস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা, স্কুলের সমস্যা-সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন তিনি। দ্রুত স্কুলের ব্যবস্থা করে দেবেন বলে মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দুর্যোগে যাঁদের কাগজপত্র খোয়া গিয়েছে, তা নতুন করে বানানোর জন্য আলাদা ক্যাম্প করছে রাজ্য সরকার। যাঁর যা হারিয়েছে, সেগুলো লিখিয়ে নেবেন। তাহলেই আপনারা ডুপ্লিকেট কাগজ পেয়ে যাবেন। নিহত ৭জনের পরিবারের একজন করে সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।