আগরকরের মেয়াদ শেষ হওয়ার পরেই নতুন প্রধান নির্বাচক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ভারতের প্রধান নির্বাচক পদে আর থাকছেন না অজিত আগরকর। আগামী ৪ অক্টোবর শেষ হচ্ছে তাঁর তিন বছরের মেয়াদ। আগরকর ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন, চুক্তির মেয়াদ আর বাড়াতে তিনি আগ্রহী নন। ফলে তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
তবে এখনই নতুন প্রধান নির্বাচকের নাম ঘোষণা করছে না বিসিসিআই। কবে এই পদে নতুন মুখ আসবে, তা জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া। সংবাদসংস্থা পিটিআই-কে তিনি বলেন, ‘‘আগরকরের চুক্তি ৪ অক্টোবর শেষ হচ্ছে। আমাদের কাছে পর্যাপ্ত সময় রয়েছে।’’
আগরকরের মেয়াদ শেষ হওয়ার পরেই নতুন প্রধান নির্বাচক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শইকীয়া। তাঁর কথায়, ‘‘৪ অক্টোবরের পরেই প্রধান নির্বাচকের ফাঁকা জায়গা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। বিসিসিআই কোনও সিদ্ধান্ত নিলে সেটা জানিয়ে দেওয়া হবে।’’
২০২৩ সালের জুলাইয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন আগরকর। তাঁর সময়ে ভারতীয় ক্রিকেটে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। টি-টোয়েন্টিতে হার্দিক পাণ্ড্যকে সরিয়ে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল। পরে এক দিনের ক্রিকেটে রোহিত শর্মার জায়গায় শুভমন গিলকে নেতৃত্বে আনার ক্ষেত্রেও নির্বাচক কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ বছর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে শ্রেয়স আয়ারকে আনার ক্ষেত্রেও আগরকরের মতামত গুরুত্বপূর্ণ ছিল বলে জানা যায়।
তবে তাঁর মেয়াদে বিতর্কও কম হয়নি। দল পরিচালন সমিতির সঙ্গে নির্বাচক কমিটির মতপার্থক্য, ক্রিকেটারদের চোট সামলানো নিয়ে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রকে ঘিরে প্রশ্ন এবং রোহিত শর্মার অবসর নিয়ে আগরকর ও বোর্ড সচিবের বক্তব্যে পার্থক্য—সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট আলোচনায় ছিল।
আগরকর সরে যাওয়ার পর প্রধান নির্বাচক নিয়োগে বিজ্ঞপ্তি দেবে বিসিসিআই। আবেদনকারীদের মধ্যে থেকে বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সম্ভাব্যদের তালিকায় ইতিমধ্যেই প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেল ও রুদ্রপ্রতাপ সিংহের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ৪ অক্টোবরের পরেই।