‘রামায়ণ’-এর সঙ্গীত পরিচালনায় এ আর রহমান এবং হলিউডের বিখ্যাত সুরকার হ্যান্স জিমারের যুগলবন্দি ঘিরে প্রথম থেকেই প্রত্যাশা ছিল তুঙ্গে। ছবির টাইটেল ঘোষণার সময় প্রকাশ্যে আসা সুর প্রশংসা কুড়িয়েছিল। তবে ছবির গান প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বিশেষ করে রাবণের তাণ্ডব নিয়ে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে অবশ্য সেই গান নিয়েই রহমানের কাছে ক্ষমা চেয়েছেন অনেকে। এ বার সেই বিতর্ক, হ্যান্সের সঙ্গে কাজ এবং ‘রামায়ণ’-এর সুর তৈরি করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অস্কারজয়ী সুরকার।
‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রহমান জানান, দীর্ঘ তিন দশকের সঙ্গীতজীবনে ‘রামায়ণ’-এর মতো মহাকাব্যের জন্য সুর তৈরি করা তাঁর কাছে বড় সম্মানের পাশাপাশি বিশাল দায়িত্বও। তাঁর কথায়, “প্রথম দশ বছর কাজ করার পরে অনেকে বলেছিলেন, প্রথম দিকের মতোই সঙ্গীত তৈরি করতে। কিন্তু ‘রকস্টার’ বা ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর পুরনো সাফল্য আঁকড়ে থাকতে পারি না। নিজেকে এক জায়গায় আটকে রাখলে চলবে না। বয়ে চলা নদীর মতো হতে হবে।”
রহমান আরও জানান, পাঁচটি ভাষায় তৈরি হচ্ছে ছবির গান। তাঁর মতে, ভারতের প্রায় প্রত্যেকেই রামায়ণের কাহিনি জানেন। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পারা তাঁর কাছে বিশেষ সম্মানের।
সাধারণত একাই সুর তৈরি করতে পছন্দ করেন রহমান। তবে ‘রামায়ণ’-এর ক্ষেত্রে সেই নিয়ম ভেঙেছেন তিনি। হ্যান্স জিমারের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত প্রসঙ্গে রহমান বলেন, “হ্যান্স এই ছবির সঙ্গে যুক্ত হওয়াটা আশীর্বাদের মতো। নিউজ়িল্যান্ড বা ইউরোপের কেউ তাঁর নাম দেখলে ছবিটি দেখতে আগ্রহী হবেন। শুধু ভারতীয় নাম থাকলে হয়তো ভাবতেন, এ আর পাঁচটা ভারতীয় ছবির মতোই। প্রযোজকের এটা দারুণ সিদ্ধান্ত।”
‘রাবণ তাণ্ডব’ নিয়ে বিতর্ক প্রসঙ্গে রহমানের বক্তব্য, কাজের প্রতিটি ধাপে এত পরীক্ষা-নিরীক্ষা চলে যে দর্শকের প্রতিক্রিয়া দেখার মতো শক্তি আর থাকে না। তবে তাঁর ছেলে সমাজমাধ্যমের প্রতিক্রিয়া তাঁকে জানিয়েছেন। রহমানের কথায়, “আমি নিজের কাজ সততার সঙ্গে করেছি। আশা করি, মানুষ শেষ পর্যন্ত সেটি উদ্যাপন করবেন।”
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশ এবং সীতার চরিত্রে সাই পল্লবী অভিনয় করছেন। ছবির প্রথম ভাগ মুক্তি পাওয়ার কথা ৫ নভেম্বর, দ্বিতীয় ভাগ ২০২৭ সালের দীপাবলির সময়।