বিশ্ব জুনিয়র জ্যাভলিনে রুপো ভারতের, সোনা দক্ষিণ আফ্রিকার।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নীরজ চোপড়ার পর ভারতের জ্যাভলিনে আরও এক উজ্জ্বল নাম। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতলেন ভারতের আশিস যাদব। এই ইভেন্টে বিশ্ব জুনিয়র মঞ্চে পদকজয়ী দ্বিতীয় ভারতীয় হলেন ১৯ বছরের আশিস। এক দশক আগে যে নজির গড়েছিলেন নীরজ, এ বার সেই তালিকাতেই নাম লেখালেন তরুণ ভারতীয় অ্যাথলিট।
ফাইনালে আশিসের সেরা থ্রো ৭৪.০৯ মিটার। সেই দূরত্ব তাঁকে রুপো এনে দিলেও সোনা অনেকটা দূরে থেকে গেল। দক্ষিণ আফ্রিকার জান-হেনড্রিক হেইমান্স ৮০.৫০ মিটার থ্রো করে সোনা জিতেছেন। তৃতীয় হয়েছেন ডমিনিকার অ্যাডিসন জেমস, তাঁর সেরা থ্রো ৭৩.৮৯ মিটার।
ফাইনালের শুরুটা আশিসের জন্য খুব একটা ভাল হয়নি। প্রথম প্রচেষ্টায় ৬৯.৯৬ মিটার থ্রো করেন। দ্বিতীয় থ্রোটি ফাউল হয়। কিন্তু তৃতীয় প্রচেষ্টাতেই বাজিমাত—৭৪.০৯ মিটার থ্রো করে উঠে আসেন দ্বিতীয় স্থানে। পরের তিন প্রচেষ্টায় তাঁর থ্রো ছিল ৭২.৩১, ৭০.৬২ এবং ৬৭.৯৮ মিটার। শেষ পর্যন্ত রুপো নিয়েই প্রতিযোগিতা শেষ করেন তিনি।
অন্য দিকে, হেইমান্স শুরু থেকেই দাপট দেখান। প্রথম থ্রোতেই ৭৬.৯২ মিটার ছুড়ে এগিয়ে যান। পঞ্চম প্রচেষ্টায় দূরত্ব বাড়িয়ে করেন ৭৯.৪২ মিটার। আর শেষ থ্রোয়ে ৮০.৫০ মিটারে নিশ্চিত করেন সোনা।
আশিসের ব্যক্তিগত সেরা ৭৪.৪৯ মিটার। চলতি বছর পটিয়ালায় ইন্ডিয়ান ওপেন থ্রোজ় প্রতিযোগিতায় তা করেছিলেন আশিস। ফাইনালে ভারতের দ্বিতীয় প্রতিযোগী টি ধরণীধরন ৭২.৩৫ মিটার থ্রো করে ষষ্ঠ স্থানে শেষ করেন।
বিশ্ব জুনিয়র মঞ্চে জ্যাভলিনে ভারতের প্রথম পদক এসেছিল নীরজের হাত ধরে। ২০১৬ সালে বাইডগোশচে ৮৬.৪৮ মিটার থ্রো করে বিশ্ব অনূর্ধ্ব-২০ রেকর্ড-সহ সোনা জিতেছিলেন তিনি। দশ বছর পর সেই ইভেন্টেই রুপো এনে আশিস দেখালেন, নীরজের উত্তরসূরি হওয়ার দৌড়ে ভারতীয় জ্যাভলিনে নতুন মুখ তৈরি হচ্ছে।
এ বার বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ভারতের ৩৬ জনের দল রয়েছে। তাঁদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১৩ জন মহিলা। ৪০০ মিটারে অষ্টম হয়ে নজর কেড়েছেন মহম্মদ আশফাক। ৪৬.২০ সেকেন্ডে ফাইনাল শেষ করেন তিনি। সেমিফাইনালে ওঠার আগে হিটে ৪৫.৮১ সেকেন্ডে নিজেরই অনূর্ধ্ব-২০ জাতীয় রেকর্ড ভেঙেছিলেন আশফাক।