১১ হাজার আন্তর্জাতিক রান! এশিয়াডের ফাইনালে রেকর্ডের মুকুট স্মৃতির মাথায়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : এশিয়ান গেমসের ফাইনাল। সামনে শ্রীলঙ্কা। আর সেই মঞ্চেই ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করলেন ভারতীয় ওপেনার। মহিলা ক্রিকেটে তিনিই প্রথম ব্যাটার, যিনি এই মাইলফলক ছুঁলেন।
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়ান গেমসের ফাইনালে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন স্মৃতি। মাত্র ৪৫ বলে ৭৯ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং সাতটি ছক্কা। স্ট্রাইক রেট ১৭৫.৫৬। স্মৃতির সঙ্গে ওপেনিংয়ে ঝড় তোলেন শেফালি বর্মা। দু’জনে মিলে ৯৯ রানের জুটি গড়ে ভারতের বড় রানের ভিত তৈরি করেন। শেফালি করেন ২৯ বলে ৪৮ রান।
টি-টোয়েন্টি ক্রিকেটে স্মৃতির ব্যাটের ধার নতুন নয়। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৭৯টি ম্যাচে তাঁর সংগ্রহ ৪৮৬৭ রান। রয়েছে দু’টি শতরান এবং ৩৭টি অর্ধশতরান। সর্বোচ্চ ১২৪।
এক দিনের ক্রিকেটেও স্মৃতির দাপট অব্যাহত। ১২০টি ম্যাচে তাঁর সংগ্রহ ৫৪১১ রান। গড় ৪৭.৮৮। শতরান ১৪টি, অর্ধশতরান ৩৫টি। সর্বোচ্চ ১৩৬। টেস্টে অবশ্য ম্যাচের সংখ্যা কম—মাত্র ন’টি। সেখানেও ৭৮৮ রান করেছেন স্মৃতি। গড় ৫২.৫৩। রয়েছে দু’টি শতরান এবং পাঁচটি অর্ধশতরান।
সব মিলিয়ে ৩০৮টি আন্তর্জাতিক ম্যাচে স্মৃতির রান এখন ১১,০৬৬। শতরান ১৮টি। মহিলা ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বাধিক শতরানের মালিকও তিনি।
ফাইনালে ভারতের ইনিংসকে শেষ দিকে আরও গতি দেন রিচা ঘোষ। মাত্র ২২ বলে অপরাজিত ৪৯ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছ’টি চার ও তিনটি ছক্কা। অধিনায়ক হরমনপ্রীত কউর করেন ১৭ বলে ১৯। ফলে নির্ধারিত ওভারে ভারত তোলে ৩ উইকেটে ২১৬ রান।
এশিয়াডের সোনার লড়াইয়ের মঞ্চেই স্মৃতির এই নজির তাই ভারতীয় ক্রিকেটে আরও একটি ঐতিহাসিক অধ্যায় হয়ে রইল।