১১-১৩ মার্চের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত করল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস

বেতন বৃদ্ধি, সপ্তাহে পাঁচ দিন কাজ-সহ কয়েকটি দাবি আদায়ে ১১ মার্চ থেকে তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস । দ্বিপাক্ষিক বৈঠকে ইতিবাচক সাড়া মেলায় সেই ধর্মঘট আপাতত স্থগিত করে দিয়েছে শ্রমিক ইউনিয়নগুলির যৌথ মঞ্চ। ফলে ভোগান্তির হাত থেকে বাঁচলেন গ্রাহকরা।

দাবি আদায়ে চলতি বছরেই ব্যাঙ্ক ধর্মঘট হয়েছে। পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের দিনেও বেনজিরভাবে ব্যাঙ্ক পরিষেবা স্তব্ধ হয়েছিল ধর্মঘটের জেরে। এই পরিস্থিতিতে ১১ মার্চের ধর্মঘট নিয়েও আশঙ্কায় ছিলেন গ্রাহকরা। সেই জট কাটায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তাদের।

ইউএফবিইউ-এর বক্তব্য, তাদের দাবিদাওয়ার প্রশ্নে ইতিবাচক সাড়া মিলেছে দ্বিপাক্ষিক বৈঠকে। সে কারণেই স্থগিত রাখা হয়েছে তিনদিনের ধর্মঘট।