ওড়িশা এফসি-তে সই ভাড়াপ্পিল্লির

ভারতের নাগরিকত্ব থাকলেও দীর্ঘদিন ধরে কাতারের বাসিন্দা হওয়ায় তিনি কাতারি হিসাবেই খেলেছেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : কাতারের বাসিন্দা ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার আশির সালিম ভাড়াপ্পিল্লি নতুন মরসুমের জন্য সই করেছেন ওড়িশা এফসি-তে। ২০ বছর বয়সী এই ফুটবলারের ভারতের নাগরিকত্ব থাকলেও দীর্ঘদিন ধরে কাতারের বাসিন্দা হওয়ায় তিনি কাতারি হিসাবেই সেদেশের নামী ক্লাব আল সাইলিয়া এসসি-তে খেলেছেন। কাতারের বিখ্যাত অ্যাসপায়ার অ্যাকাডেমি থেকে উঠে এসে কাতার স্টার্স লিগের ক্লাবটির যুব দলে যোগ দেন এই মালয়ালি তরুণ এবং মূলত ক্লাবটির অনুর্দ্ধ-২৩ দলের হয়ে খেলেছেন। আল সাইলিয়া এসসি-র সিনিয়র দলের হয়ে কাতারি দ্বিতীয় ডিভিশনে খেলেছিলেন। তবে ক্লাবটি দেশের সর্বোচ্চ লিগ অর্থাৎ কাতার স্টার্স লিগে ওঠার পর সিনিয়র দলের হয়ে আর খেলা হয়নি তাঁর।
২০২৫ সালে আল সাইলিয়া এসসি-র সঙ্গে পাঁচবছরের চুক্তি করেছিলেন আশির সালিম, যা ২০৩০ সালে শেষ হতো। কিন্তু মূলত ভারতের হয়ে খেলার ইচ্ছা থেকেই ওড়িশা এফসি-র হয়ে আইএসএলে খেলতে আসছেন এই মিডফিল্ডার।