অবশেষে মিটল ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির দীর্ঘ আইনি লড়াই। ফ্রান্সের বিখ্যাত শ্যাতো মিরাভাল ওয়াইনারিতে জোলির মালিকানাধীন অংশ বিক্রি ঘিরে দু’জনের বিবাদ আদালতের বাইরে নিষ্পত্তি হয়েছে। বুধবার যৌথ বিবৃতিতে দুই তারকার প্রতিনিধিরা জানান, পরিবারের স্বার্থেই এই সিদ্ধান্ত। তবে সমঝোতার আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পরিবারের সর্বোত্তম স্বার্থে আমরা আদালতের বাইরে বিষয়টির নিষ্পত্তি করেছি। এ নিয়ে আর কোনও মন্তব্য করব না।’’ পাশাপাশি সংবাদমাধ্যমে ‘সূত্র’-এর নামে প্রকাশিত বক্তব্য নিয়েও সতর্ক করেছেন তাঁরা।
২০০৮ সালে ফ্রান্সে মিরাভাল এস্টেট কিনেছিলেন পিট-জোলি। প্রায় ১,৩০০ একর জমির ওই সম্পত্তিতে দু’জনে বিপুল অর্থ বিনিয়োগ করে ওয়াইনের ব্যবসা গড়ে তুলেছিলেন। ২০১৪ সালে সেখানেই বিয়েও হয় তাঁদের। কিন্তু ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর সম্পত্তি নিয়ে শুরু হয় দীর্ঘ আইনি টানাপড়েন।
২০২২ সালে পিট অভিযোগ করেন, তাঁর অনুমতি ছাড়াই জোলি নিজের ৫০ শতাংশ অংশ রুশ ব্যবসায়ী ইউরি শেফলারের স্টোলি গ্রুপের সঙ্গে যুক্ত একটি সংস্থার কাছে বিক্রি করেছেন। জোলি পাল্টা অভিযোগ করেন, পিট ব্যবসার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইছেন।
ওয়াইনারি নিয়ে বিবাদে ২০১৬ সালের একটি বিমানের ঘটনাও সামনে আসে। জোলির অভিযোগ, ওই বিমানে পিট মদ্যপ অবস্থায় তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছিলেন এবং সন্তানদের দিকেও আগ্রাসী আচরণ করেছিলেন। যদিও এসব অভিযোগ নিয়ে পিটের পক্ষ থেকে ভিন্ন অবস্থান রয়েছে।
তবে পিট-জোলির মধ্যে এই সমঝোতায় মিরাভাল-সংক্রান্ত সব আইনি জটিলতার অবসান হয়নি। স্টোলি গ্রুপের মালিক শেফলারের বিরুদ্ধে পিটের পৃথক মামলা এখনও চলছে। শেফলার ও স্টোলির বিরুদ্ধে ব্যবসা ‘দখলের চেষ্টা’র অভিযোগ তুলেছেন অভিনেতা। ফলে প্রাক্তন দম্পতির দীর্ঘ বিবাদের একটি অধ্যায় বন্ধ হলেও, ওয়াইনারি নিয়ে আইনি লড়াই পুরোপুরি শেষ হয়নি।