ভিনিসিয়াসদের চোটের আশঙ্কা?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ৩রা অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত বনাম ব্রাজিলের ঐতিহাসিক মেগা ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কিন্তু তার আগেই চলে এলো এক বড় আপডেট, ম্যাচ এবং পরিকাঠামো খতিয়ে দেখতে কলকাতায় এসেছিল ব্রাজিলের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, আর মাঠ পরিদর্শন করেই তারা যুবভারতীর মূল পিচ এবং প্র্যাকটিস গ্রাউন্ডের ঘাসের ঘনত্ব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।
ব্রাজিলীয় ফুটবল ফেডারেশনের (CBF) কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক ডুরান্ড কাপের ঠাসা সূচির কারণে মাঠের ঘাসের ক্ষতি হয়েছে। এই অবস্থায় খেলা হলে ভিনিসিয়াস জুনিয়রের মতো বিশ্বসেরা তারকাদের চোট পাওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে! তারা সাফ জানিয়েছে, ম্যাচের আগে ঘাসের ঘনত্ব দ্রুত বাড়াতে হবে। এর পাশাপাশি, ৯৬ জনের বিশাল স্কোয়াডের জন্য খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সম্পূর্ণ আলাদা ড্রেসিংরুমের দাবিও জানিয়েছে তারা।
তবে পশ্চিমবঙ্গের ক্রীড়াদপ্তর এবং ফুটবল অ্যাসোসিয়েশন আশ্বস্ত করেছে যে, ৩রা অক্টোবরের অনেক আগেই মাঠকে আন্তর্জাতিক মানে রূপ দেওয়া হবে।