“হরিয়ানায় কোনও ভোট হয়নি, ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে”, হাইড্রোজেন বোমা ফাটালেন রাহুল গান্ধী।
মাম্পি রায়, সাংবাদিক: ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অফিসে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী গুরুতর বিষয়টি সামনে এনেছেন। ব্রাজিলের এক মডেলের ছবি প্রকাশ করে রাহুল গান্ধী বলেন, “এই মডেলের ছবি ব্যবহার করে ভুয়ো ভোটদান করা হয়েছে। হরিয়ানাতে কেবলমাত্র ২টি বুথে একজনের ছবি ২২৩ বার ব্যবহার করা হয়েছে। প্রত্যেক ভোটার তালিকায় আলাদা নাম ও আলাদা বয়স লেখা হয়েছে।“ তিনি বলেন, “হরিয়ানায় ৮ জনের মধ্যে একজন ভোটার ভুয়ো। যা প্রায় ১২.৫ শতাংশ ভোটার। নির্বাচনে কংগ্রেস ২২ হাজার ভোটে পরাজিত হয়েছে।“

এরপরই রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, “সেই মহিলা কে ? যিনি ১০টি ভিন্ন বুথে ২২ হাজার বার ভোটদান করেছেন ?ওনার একাধিক নাম আছে। এর অর্থ হল এটি কেন্দ্রীয় প্রক্রিয়া। এই মহিলা একজন ব্রাজিলিয়ান মডেল। একটি স্টক ছবি। হরিয়ানার ২৫ লক্ষ রেকর্ডের মধ্যে এটি অন্যতম। গত বছর হরিয়ানা বিধানসভা ভোটে ভুয়ো ভোটের মাধ্যমে ২৫ লক্ষ ভুয়ো ভোটারের ভোট চুরি করা হয়েছে।“

রাহুল গান্ধী বলেন, “আমাদের কাছে এইচ ফাইলস আছে। এতে স্পষ্ট হয়ে গিয়েছে, কীভাবে একটা গোটা রাজ্যকে চুরি করা যায়। আমাদের সন্দেহ ছিল যে এটা শুধুমাত্র একটা নির্বাচন ক্ষেত্র নয় বরং রাজ্য স্তর এবং রাষ্ট্রীয় স্তরে হচ্ছে। হরিয়ানায় আমাদের প্রার্থীদের থেকে এই সংক্রান্ত অসংখ্য অভিযোগ পেয়েছি। আমরা মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, মহারাষ্ট্রেও এইধরণের দুর্নীতির আঁচ করেছিলাম।“
রাহুল গান্ধী দাবি করেছেন, “হাজার হাজার বিজেপির ভোটার, বিজেপি নেতা উত্তরপ্রদেশ ও হরিয়ানায় ভোটদান করেন।“

একজনের ছবি দেখিয়ে রাহুল বলেন, “ইনি হলেন ডালচন্দ, বিজেপির পঞ্চায়েত প্রধান। যিনি লক্ষ্মী নারায়ণের সঙ্গে বসে আছেন। উত্তরপ্রদেশে ভোটার হিসেবে তাঁর ভোটার কার্ড আছে। আবার হরিয়ানাতেও ওনার ভোটার কার্ড আছে। ওনার ছেলে যশবীর হরিয়ানা এবং উত্তরপ্রদেশে বিজেপিকে ভোট দেন। সুতরাং আপনার কাছে বিজেপি নেতা রয়েছে, যাদের দিয়ে আপনারা হরিয়ানা ও উত্তরপ্রদেশে ভোট করাচ্ছেন। “
রাহুলের অভিযোগ- “হরিয়ানায় হাজার হাজার ভোট দিয়েছেন এই ভুয়ো ভোটাররা।“

রাহুল গান্ধী বলছেন, “আমি চাই যে ভারতের যুব সম্প্রদায়, জেন- জি এটা ভালোভাবে বুঝে নিক। কারণ এটা আপনাদের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। ভোট নির্বাচন কমিশন এবং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর প্রশ্ন তুলে দিচ্ছে। সেজন্যই ১০০ শতাংশ তথ্য দিয়ে প্রমাণ করছি। আমরা বিশ্বাস করি যে কংগ্রেসের জয়কে পরাজয়ে পরিণত করতেই এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিজেপি। “
হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির একটি ভিডিও দেখান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যেখানে সাইনি স্মিত হেসে বলছেন, “প্রথম থেকেই বিরোধীরা বলছেন ভারতীয় জনতা পার্টি একতরফা সরকার বানাচ্ছে। আরে বাবা আমাদের কাছে সমস্ত ব্যবস্থা আছে, আপনারা চিন্তা করবেন না। “
রাহুল বলেন, নায়াব সাইনির এই মন্তব্যেরপরই ভোটের ফল আসে। হরিয়ানায় কংগ্রেস ২২০০০ ভোটে হেরে যায়।