দাবা অলিম্পিয়াডে সাফল্যে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সোনা হাতছাড়া, তবু দাবার অলিম্পিয়াডে ভারতের সাফল্য, মোদীর প্রশংসা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : দাবা অলিম্পিয়াডে এ বার সোনা ধরে রাখতে পারল না ভারত। তবে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই পদক জিতে মঞ্চে থাকল ভারতীয় দল। উজ়বেকিস্তানের সামরকন্দে ৪৬তম দাবা অলিম্পিয়াডে পুরুষ বিভাগে রুপো এবং মহিলা বিভাগে ব্রোঞ্জ জিতেছে ভারত। দুই দলের সামগ্রিক ফলের সুবাদে টানা তৃতীয় বার নোনা গ্যাপরিন্দাশভিলি ট্রফিও উঠেছে ভারতের হাতে। দলের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

সোমবার ‘এক্স’-এ ভারতীয় দাবাড়ুদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘‘আমাদের দাবাড়ুদের অভিনন্দন! তাঁদের আবেগ ও দৃঢ় মনোভাব অনুকরণীয়। এই সাফল্য আরও অনেক তরুণকে দাবা খেলতে এবং সাফল্য অর্জনে অনুপ্রাণিত করুক।’’

ওপেন বিভাগে শেষ রাউন্ডে হাঙ্গেরির বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামে গত বারের চ্যাম্পিয়ন ভারত। অর্জুন এরিগাইসি পিটার লেকোকে হারালেও প্রজ্ঞানন্দ ও নিহাল সরিন ড্র করেন। বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ গ্লেব দুদিনের কাছে হেরে যাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ ২-২ ড্র হয়। ১১ রাউন্ডে ১৮ পয়েন্ট নিয়ে রুপো পায় ভারত। উজ়বেকিস্তান ইউক্রেনকে ২.৫-১.৫ ব্যবধানে হারিয়ে সোনা জেতে। ব্রোঞ্জ জার্মানির।

ব্যক্তিগত বিভাগেও সাফল্য এসেছে। ওপেন বিভাগে গুকেশ রুপো এবং আর প্রজ্ঞানন্দ ব্রোঞ্জ পেয়েছেন।

মহিলা বিভাগে শেষ রাউন্ডে জর্জিয়ার সঙ্গে ২-২ ড্র করে ভারত। টাইব্রেকারে ১৭ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে ভারতীয় দল। চিন সোনা এবং কাজাখস্তান রুপো জেতে।

দুই বিভাগে ভারতের চূড়ান্ত স্থান—ওপেনে দ্বিতীয় এবং মহিলায় তৃতীয়। সেই হিসেবে সম্মিলিত স্কোর ৫ (২+৩), যা আমেরিকা (৮) এবং চিনের (৯)-এর থেকে কম। তাই গ্যাপরিন্দাশভিলি ট্রফি পায় ভারত। ২০২২-এ চেন্নাই এবং ২০২৪-এ বুদাপেস্টের পর টানা তৃতীয় বার এই ট্রফি জিতল দেশ।

ব্যক্তিগত বিভাগে সোনা পেয়েছেন সবিতা শ্রী বি, মহিলা বোর্ড-৫-এ ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে। রুপো জিতেছেন গুকেশ ও দিব্যা দেশমুখ। ব্রোঞ্জ পেয়েছেন প্রজ্ঞানন্দ, কোনেরু হাম্পি এবং ভান্তিকা আগরওয়াল।